ফরিদপুরে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার প্রায় আট মাস পর ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আট আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁদের কারাগারে নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—শাহীন শেখ (২৬), জয় শেখ (২৫), রহিম মোল্লা (২৫), মনির শেখ (৩০), হৃদয় খা (২৫), ইলিয়াস শিকদার (৪০), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৫)। তাঁরা ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী ও ভূয়ারডাঙ্গী গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এক তরুণের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর প্রেমিকের সঙ্গে দেখা করতে ফরিদপুরে আসেন তিনি। প্রেমিকের কথা অনুযায়ী শহরতলির ধলার মোড়ে অপেক্ষা করছিলেন। প্রেমিকের আসতে দেরি হওয়ায় নৌকায় নদী পার হয়ে একাই পালডাঙ্গীর কাশবনে ঘুরতে যান। এ সময় কয়েকজন যুবক তাঁকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। তাঁদের একজন ঘটনার ভিডিও ধারণ করেন।
পরে ওই তরুণীর প্রেমিকের এক বন্ধু সেখানে গিয়ে তাঁকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। একপর্যায়ে প্রেমিকের সঙ্গে দেখা না করেই দ্রুত সেখান থেকে চলে যান তরুণী। এরপর ঘটনাটি আড়ালে থেকে যায়।
২০২০ সালের আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ২৩ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। পুলিশ ভিডিওটি ফরিদপুরের বলে শনাক্ত করে। ওই বছরের ৬ আগস্ট ফরিদপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) শাহীন শেখকে প্রথমে শনাক্ত করে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ছয়জনকে আটক করা হয়। পরবর্তী সময়ে তদন্তে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী তরুণীকে শনাক্ত করতে না পেরে ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আইয়ুব আলী ২০২১ সালের ৩০ জানুয়ারি আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকে পাওয়া যায়নি। পরে পুলিশ দায়িত্বের জায়গা থেকে মামলা করে তদন্তের মাধ্যমে আসামিদের শনাক্ত করে। আসামিরা একে অপরের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং নিজেদের দোষ স্বীকার করেছেন। এ ছাড়া ভিডিওটির ফরেনসিক পরীক্ষায় সেটি আসল বলে প্রমাণিত হয়েছে। ভিডিওতে থাকা আসামিদের পোশাকেরও ফরেনসিক পরীক্ষা করা হয়।