ফরিদপুরে ৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় নয়ন হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নয়ন হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, যশোরের শার্শা উপজেলার বাসিন্দা নয়ন হোসেন দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালাচ্ছিলেন। যশোর থেকে মাদক এনে তিনি ফরিদপুরসহ আশপাশের জেলায় বিক্রি করতেন।
২০১৯ সালের ৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র্যাব-১০-এর একটি দল। তল্লাশির সময় একটি প্রাইভেটকার থেকে ৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় নয়ন হোসেনকে আটক করা হয়।
র্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের ডিএডি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। সাক্ষ্য ও শুনানি শেষে আজ আদালত মামলার রায় ঘোষণা করেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান খোকন বলেন, ‘মাদক মামলায় নয়ন হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এই রায়ের ফলে সমাজে মাদকের প্রবণতা কমে আসবে বলে মনে করি।’