হোম > সারা দেশ > দিনাজপুর

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

পুকুরপাড়ে সাইকেল, ব্যাগ আর জুতা রেখে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমেছিল আবির। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে আবির চন্দ্র রায় বিপ্লব (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে পৌর শহরের জিএম পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।

নিখোঁজ আবির উপজেলার আলাদিপুর ইউনিয়নের গোকুল শেনোড়া গ্রামের ভ্যানচালক বিজন চন্দ্র রায়ের ছেলে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে আবিরসহ কয়েকজন সহপাঠী বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পুকুরের এ পাড় থেকে ও পাড়ে সাঁতরে যাওয়ার বাজি ধরে। এরপর সাঁতরে সবাই পাড়ে উঠলেও আবিরকে দেখতে না পেয়ে সহপাঠীরা খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তাকে না পেয়ে বিষয়টি শিক্ষকদের জানায় সহপাঠীরা।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা পুকুরে জাল ফেলাসহ বিভিন্নভাবে আবিরকে খোঁজা শুরু করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

পুকুরপাড়ে আবিরের একটি বাইসাইকেল, স্কুলব্যাগ ও এক জোড়া জুতা এখনো পড়ে আছে।

জিএম পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর চন্দ্র প্রামাণিক বলেন, ‘বিদ্যালয়ের অফিস সহকারীর মৃত্যু হওয়ায় টিফিনের সময় বেলা ১টার দিকে বিদ্যালয়ের বেশিসংখ্যক শিক্ষক তাঁর জানাজায় যান। ওই সময় আবিরসহ তার সহপাঠীরা মিলে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। পরে খবর পাই আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাৎক্ষণিক বিষয়টি নিয়ে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পুকুরে জাল ফেলে খোঁজা হচ্ছে। এ ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত।’

সমীর চন্দ্র প্রামাণিক আরও বলেন, পুকুরটিতে এমন দুর্ঘটনা আগেও ঘটেছে। তাই পুকুরটি ভরাটের বিষয়ে এলাকার সুধীজন, প্রশাসনসহ সবাইকে ডেকে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। স্থানীয় একটি ডুবুরি দল উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। উদ্ধারের চেষ্টা চলছে। রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে, তারা আসছে।’

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

আত্রাই নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ঝরা লিচুতে টিফিনের খরচ

হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা

মধ্যপাড়া পাথরখনির নতুন এমডি আমজাদ হোসেন

দিনাজপুরে এক কাপ চায়ের দামে ছাগলের চামড়া

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ঈদুল আজহার জামাত