রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পরে মোহাম্মদ আলী (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নং সড়কের ২২ নম্বর নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
মৃত ওই শ্রমিক জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নুর ইসলামের ছেলে। তিনি নির্মাণাধীন ওই ভবনে থেকেই নির্মাণকাজ করে আসছিলেন। তাঁর সহকর্মী রাজিব বলেন, ‘চারতলার ছাদে কাজ করার সময় অসাবধানতাবশত মোহাম্মদ আলী নিচের রডের ওপর পরে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি উত্তরা পশ্চিম থানা-পুলিশকে জানানো হয়েছে।’
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. শফিক বলেন, ‘উত্তরা ১৪ নম্বর সেক্টরের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক মারা যাওয়ার খবর পেয়ে ঢামেক হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।’