হোম > সারা দেশ > ঢাকা

জনতা ব্যাংকের ১১২১ কোটি টাকা আত্মসাৎ, সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে তিন মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সালমান এফ রহমান। ফাইল ছবি

জনতা ব্যাংক থেকে ঋণ ও রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) সুবিধা নিয়ে ভুয়া আমদানি-রপ্তানির মাধ্যমে ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিন মামলায় আসামি করা হচ্ছে ৬৯ জনকে।

আজ সোমবার দুদক সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, জনতা ব্যাংকের লোকাল অফিসের মাধ্যমে স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেড, আরবান ফ্যাশনস লিমিটেড ও মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেডের নামে ঋণ এবং ইডিএফ সুবিধা নেওয়া হয়। এসব প্রতিষ্ঠানের নামে ভুয়া আমদানি-রপ্তানির নথি তৈরি করে ব্যাংক থেকে অর্থ বের করে নেওয়া হয়। পরে সেই অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেছে দুদক।

তিন প্রতিষ্ঠানের নামে আত্মসাতের অভিযোগে অর্থের পরিমাণ আলাদা করে যথাক্রমে ১৪১ কোটি ২৮ লাখ ১ হাজার ১৭১ টাকা, ৪১৭ কোটি ৪ লাখ ৪ হাজার ৫৬ টাকা এবং ৫৬৩ কোটি ১৬ লাখ ৯৯ হাজার ৫২৭ টাকা। এর মধ্যে স্প্রিংফুল অ্যাপারেলসের ঘটনায় ২২ জন, আরবান ফ্যাশনসের ঘটনায় ২২ জন এবং মিডওয়েস্ট গার্মেন্টসের ঘটনায় ২৫ জনকে আসামি করার অনুমোদন দেওয়া হয়েছে।

দুদকের অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানগুলো নতুন হলেও তাদের নামে বিপুল অঙ্কের ঋণ ও ইডিএফ সুবিধা অনুমোদন করা হয়। সংশ্লিষ্ট পরিচালকদের ব্যবসা পরিচালনার পূর্ব অভিজ্ঞতাও ছিল না। পরে নিজেদের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য হয়েছে দেখিয়ে ব্যাংকের মাধ্যমে অর্থ নেওয়া হয়। এসব লেনদেনে জাল নথি ব্যবহার এবং ব্যাংকের একাধিক পর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগ রয়েছে।

প্রথম মামলার অভিযোগে বলা হয়েছে, স্প্রিংফুল অ্যাপারেলসের নামে ১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৫৮২ মার্কিন ডলারের কথিত বিল তৈরি করা হয়। এর বিপরীতে দেশে আসে মাত্র ৪ লাখ ৪০ হাজার ৩৯২ ডলার। বাকি ১ কোটি ৬৬ লাখ ২১ হাজার ১৯০ ডলার দেশে ফেরত না এনে আত্মসাৎ ও পাচার করা হয়েছে বলে অভিযোগ দুদকের। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৪১ কোটি ২৮ লাখ টাকার বেশি।

দ্বিতীয় মামলায় আরবান ফ্যাশনসের নামে ৪ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৫৭৭ ডলার বা প্রায় ৪১৭ কোটি ৪ লাখ টাকার পেমেন্ট নেওয়ার অভিযোগ আনা হয়েছে। নিজেদের মধ্যে আমদানি-রপ্তানি দেখিয়ে এই অর্থ উত্তোলন ও স্থানান্তর করা হয়। নগদ উত্তোলনসহ বিভিন্ন প্রক্রিয়ায় অর্থের অবস্থান ও প্রকৃতি পরিবর্তন করে মানিলন্ডারিং করা হয়েছে বলে মনে করছে দুদক।

অন্যদিকে, মিডওয়েস্ট গার্মেন্টসের নামে ৬ কোটি ৬২ লাখ ৫৫ হাজার ২৮৮ ডলার বা প্রায় ৫৬৩ কোটি ১৭ লাখ টাকার পেমেন্ট নেওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে ২৯ লাখ ৪০ হাজার ডলার দেশে ফেরত না আসার কথা উল্লেখ করেছে কমিশন। ভুয়া আমদানি-রপ্তানির আড়ালে অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে এ মামলায় ২৫ জনকে আসামি করা হচ্ছে।

তিন মামলাতেই সালমান এফ রহমান, তাঁর ছেলে এ এস এফ রহমান, বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কে চৌধুরী এবং পরিচালক ইকবাল আহমেদ, এ বি সিদ্দিকুর রহমান, মাসুদ ইকরামুল্লাহ খান, শাহ মঞ্জুরুল হক ও রীম এইচ শামসুদ্দোহাকে আসামি করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট তিন পোশাক প্রতিষ্ঠানের পরিচালক, ক্রিসেন্ট এক্সেসরিজ লিমিটেডের কর্মকর্তা এবং আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডইর স্বত্বাধিকারী আহমেদ শায়ান ফজলুর রহমান ও আহমেদ শাহরিয়ার রহমানের নাম রয়েছে।

জনতা ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদেরও আসামি করা হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন ব্যাংকটির সাবেক সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুছ ছালাম আজাদ, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জব্বার, ইসমাইল হোসেন, সাবেক মহাব্যবস্থাপক মো. শহিদুল হক, উপমহাব্যবস্থাপক মিজানুর রহমান, মো. মমতাজুল ইসলাম ও মো. আব্দুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

দুদকের অনুমোদন অনুযায়ী, এসব ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭এ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।

সালমান এফ রহমানের বিরুদ্ধে এর আগেও শেয়ারবাজারে কারসাজি, প্লেসমেন্ট শেয়ারের মাধ্যমে প্রতারণা, বিভিন্ন ব্যাংক থেকে প্রভাব খাঁটিয়ে ঋণ নেওয়া এবং বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। দুদকের অভিযোগ অনুযায়ী, সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ ও আত্মসাতের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

‘মুক্তিযুদ্ধের পর রক্ষীবাহিনীকে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল’

ইনডিপেনডেন্ট টিভির সিইও শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

আশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি ঘোষণা

মিরপুর-১০, ১ ও উত্তরায় হকারদের জন্য বিকল্প স্থান খোঁজা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

কেরানীগঞ্জে ১০ ডাইং-ওয়াশিং কারখানার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

পোশাকশ্রমিকদের বিক্ষোভ: মিরপুরে ৫ মামলায় আসামি ১৩ হাজার, গ্রেপ্তার ২৯

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দিলীপ কুমার আগরওয়ালা