হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দরের কার্গো এলাকায় ফের আগুন

প্রশ্নের মুখে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা, যা উঠে এল প্রাথমিক তদন্তে

বিশেষ প্রতিনিধি, ঢাকা

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ৯ নম্বর গেটসংলগ্ন কুরিয়ার অপারেশন এলাকায় ডিএইচএলের একটি কন্টেইনারে আগুন লাগে। ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের ইঙ্গিত পাওয়া গেছে। তবে একই সঙ্গে বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা, অগ্নিনিরাপত্তা ঘাটতি ও নজরদারি ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আজ রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ, ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে তদন্ত কমিটি জানায়, ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত, সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্টদের বক্তব্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত এখনো চলমান থাকায় বিষয়টি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থল থেকে সিগারেটের অবশিষ্টাংশও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজে আগুন লাগার সময় ঘটনাস্থলে থাকা দুই ব্যক্তির আচরণেও তাৎক্ষণিক আতঙ্কের স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। এসব বিষয়ও তদন্তের আওতায় রাখা হয়েছে।

বৈঠক শেষে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে শর্টসার্কিটের ইঙ্গিত পাওয়া গেলেও প্রশ্ন হচ্ছে—একই ধরনের ঘটনা বারবার কেন ঘটছে। আগের অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনেও শর্টসার্কিটের বিষয়টি উঠে এসেছিল। ফলে কোথাও না কোথাও গাফিলতি রয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ আছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধি ও সিঅ্যান্ডএফ এজেন্টরা কার্গো ব্যবস্থাপনার দীর্ঘদিনের নানা সংকট তুলে ধরেন। তাঁদের অভিযোগ, কার্গো এলাকায় প্রয়োজনের তুলনায় জায়গা কম। আধুনিক গুদামসুবিধা, ঝুঁকিপূর্ণ পণ্যের জন্য পৃথক নিরাপদ জোন, পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা অবকাঠামো ও জরুরি প্রবেশপথের ঘাটতি রয়েছে। এ ছাড়া লোডিং-আনলোডিং সরঞ্জামের সংকট ও পণ্যজটের কারণে অনেক সময় কার্গো দীর্ঘ সময় গুদামে পড়ে থাকছে, যা ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো ও পণ্যের জট নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা সাপ্তাহিক ছুটির দিন শুক্র, শনিবারসহ ২৪ ঘণ্টা কার্গো ভিলেজ খোলা রাখার নির্দেশ দেন।

বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে বিমানবন্দরের কার্গো ভিলেজে জমে থাকা পণ্য দ্রুত খালাসের বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনেরা আশ্বাস দিয়েছেন।

গত শুক্রবার রাতে বিমানবন্দরের কার্গো বিভাগের ৯ নম্বর গেটসংলগ্ন একটি কুরিয়ার কনটেইনারে আগুন লাগে। বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনার পর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাঁচ নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কা, সড়কে ছিটকে পড়া বৃদ্ধকে পিষে দিল বাস

এসি লাগানোর সময় ষষ্ঠ তলা থেকে পড়ে মধ্যবয়সীর মৃত্যু

দীপু মনি, মোজাম্মেল বাবু, ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ১৭ জুন

মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: জরিমানার ৭ লাখ টাকা পাবে শিশুর পরিবার

রায় কার্যকর হলে শতভাগ সন্তুষ্ট হব: পল্লবীর সেই শিশুর বাবার প্রতিক্রিয়া

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা মামলার রায়: কাঠগড়ায় নীরব ছিলেন সোহেল-স্বপ্না

নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অধিকার কারও নেই—ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ

ওয়ারীতে ৫৭ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগে ৯ ডাকাত গ্রেপ্তার