হোম > সারা দেশ > ঢাকা

আইন কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। ছবি: আজকের পত্রিকা

নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা সাম্প্রতিক নিয়োগ বাতিল করে যোগ্য এবং আন্দোলন-সংগ্রামে সম্পৃক্তদের নিয়োগের দাবি জানান।

আজ রোববার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা বলেন, যারা ১৭ বছর আওয়ামী লীগ করত, এখন তারা টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন।

আইনজীবী আক্তার হোসেন বলেন, ফ্যাসিস্টরা বিনিময়ের মাধ্যমে এখানে মূল্যায়িত হয়েছে। তাদের দ্রুত বাদ দিয়ে যারা ১৭ বছর রাজপথে ছিলেন তাদের নিয়োগ দিন।

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আইয়ুব আলী আশরাফি বলেন, যে সরকার ক্ষমতায় থাকে সে সরকারের লোকজনকে অ্যাটর্নি জেনারেল অফিসে নিয়োগ দেওয়া হয়। এটা রাজনৈতিক নিয়োগ বলা যায়। কিন্তু এইবার ফ্যাসিস্টদেরও নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান অ্যাটর্নি জেনারেল আন্দোলন–সংগ্রামে ছিলেন না।

আইনজীবী এবিএম ইব্রাহিম খলীল এই নিয়োগে চার কোটি টাকা লেনদেনের অভিযোগ তুলে বিষয়টি তদন্তের দাবি করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন আইনজীবী শরীফ ইউ আহমেদ, মো. ইসা, আনিসুর রহমান খান, জহিরুল ইসলাম সুমন ও আনোয়ারা শিখাসহ অন্যরা।