রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িতের অভিযোগে ১৭৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
আজ বুধবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ঢাকার মিরপুর, মুগদা, যাত্রাবাড়ী ও তেজগাঁও এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযুক্তসহ ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই দিনে মুগদা থানা এলাকায় পরিচালিত অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে নিয়মিত মামলায় দুজন, পুরোনো মামলায় একজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন এবং ডিএমপি অধ্যাদেশ/ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত রয়েছেন ১৭ জন।
এ দিকে যাত্রাবাড়ী থানা এলাকায় পরিচালিত অভিযানে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিয়মিত মামলায় দুজন, পুরোনো মামলায় ৩ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জন এবং ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত ১৬ জন।
এ ছাড়া তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে তেজগাঁও থানা–পুলিশ ৯ জনকে, শেরেবাংলা নগর থানা ১২ জন, হাতিরঝিল থানা ১৪ জন, আদাবর থানা ৫ জন, মোহাম্মদপুর থানা ২১ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা–পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে।