রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার রাজধানীর ১২টি থানা এলাকায় পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দুপুরে এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা থানা এলাকা থেকে দুজন, শাহবাগ থেকে একজন, ধানমন্ডি থেকে দুজন, হাজারীবাগ থেকে দুজন, বংশাল থেকে একজন, সূত্রাপুর থেকে একজন, পল্টন থেকে একজন, তেজগাঁও থেকে দুজন, শিল্পাঞ্চল থেকে একজন, মিরপুর থেকে তিনজন, পল্লবী থেকে একজন এবং কাফরুল থেকে একজন রয়েছেন।
ডিএমপি আরও জানায়, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।