রাজধানীর উত্তরায় একটি হাসপাতালে গ্যাস জমে থাকা ড্রাম বিস্ফোরণে ওয়ার্ড বয় মো. জিল্লুর রহমান (৪০) আহত হয়েছেন। উত্তরা ৯ নম্বর সেক্টরের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের নিচ তলার পার্কিংয়ে আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ওয়ার্ড বয় জিল্লুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে জাতীয় হৃদ্রোগ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের মূল ফটক সংলগ্ন পার্কিং এলাকা এবং জরুরি বিভাগের প্রবেশ পথে ছোপ ছোপ রক্তের দাগ। তার পাশেই বিস্ফোরিত স্টিলের ড্রামটি রয়েছে।
হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা জানান, আহত জিল্লুর রহমানের অবস্থা আশঙ্কামুক্ত। বিস্ফোরণে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
পুলিশ সূত্র বলেছে, ড্রামটিতে গ্যাস জমে ছিল। যখন কাটার চেষ্টা করা হয়, তখন বিস্ফোরণ হয়।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ফুল গাছ লাগানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ড্রামটি এনেছিল। ওই ড্রাম কাটার সময় বিস্ফোরণ হয়। এতে একজন আহত হয়েছেন। তিনি চিকিৎসাধীন।’
এ বিষয়ে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। হাসপাতালের উপপরিচালক সহযোগী অধ্যাপক ডা. আফিফুর রহমান বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত জানাতে পারেননি।