দুর্নীতি এখন ঈদের বকশিশের মতো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে দেশের অর্থনীতি কখনোই পুনরুদ্ধার করা সম্ভব নয়।
দুর্নীতি দমনে শুরুতেই জিরো টলারেন্স কার্যকর করা বাস্তবসম্মত নয়। প্রথমে দুর্নীতিকে ন্যূনতম সহনশীল অবস্থায় নামিয়ে আনতে হবে। এরপর ধাপে ধাপে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দুর্নীতির লাগাম টানা যাবে না।
মাদক প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, থানার আওতাধীন বিভিন্ন পুলিশ ফাঁড়ির কার্যক্রমের ওপর আগে নজর দিতে হবে। প্রতিটি পুলিশ ফাঁড়ির আশপাশে মাদকের আখড়া রয়েছে।
তিনি মাদক রোধে সংশ্লিষ্টদের জেলে দেওয়ার আগে কাউন্সেলিংয়ের মাধ্যমে সচেতন ও দায়িত্বশীল করে তোলার আহ্বান জানান।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ থানা রাজস্ব সার্কেল আলতাফ আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল ইসলাম, দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।