রাজধানীর উত্তরখানে মো. মেহেদী (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরখানের মাদারবাড়ীর দক্ষিণপাড়া এলাকার একটি বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর কারণ কি, তা এখনো জানা যায়নি।
নিহত ওই যুবক ওই এলাকার বেলায়েত খানের ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। বাকি তিন ভাই প্রবাসী বলে জানিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ আজকের পত্রিকাকে বলেন, আজ সকাল থেকে সন্ধ্যার মধ্যবর্তী যে কোনো সময়ের মধ্যে এ ঘটনা ঘটেছে। পরবর্তীতে খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরখান থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
মৃত্যুর কারণ প্রসঙ্গে জানতে চাইলে ওসি মজিদ বলেন, ওই ছেলে বাবা মায়ের অবাধ্য সন্তান ছিল। সারা রাত জেগে অনলাইনে পাবজি, ফ্রি ফায়ারসহ বিভিন্ন গেমস খেলত। পরে সারা দিন ঘুমাত। ধারণা করা হচ্ছে যুবকটি আত্মহত্যা করেছে। বাকিটা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
অপরদিকে মেহেদীর বাবা বেলায়েত খান আজকের পত্রিকাকে বলেন, কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব, অভিমান কিছুই ছিল না। তবুও হঠাৎ করে ছেলেটা আত্মহত্যা করেছে।