হোম > সারা দেশ > ঢাকা

গ্রেপ্তার এড়াতে বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসিয়েও শেষরক্ষা হলো না!

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গ্রেপ্তার সাইফুল ইসলাম। ছবি: সিআইডি

ঢাকা ও চাঁদপুরের বিভিন্ন থানায় ৬ মামলার আসামি ছিলেন মো. সাইফুল ইসলাম (৪০)। দীর্ঘদিন ধরে আত্মগোপনেও ছিলেন তিনি। একপর্যায়ে গ্রেপ্তার এড়াতে বাসা ও আশপাশে বসিয়েছিলেন সিসিটিভি ক্যামেরা। কিন্তু শেষরক্ষা হলো না! অবশেষ রাজধানীর কেরানীগঞ্জের বাসায় অবস্থান শনাক্ত করে কৌশলে তাঁকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল।

আজ রোববার তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিআইডির ঢাকা মেট্রো উত্তরের বিশেষ পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন বলেন, সাইফুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গ্রেপ্তার সাইফুল গাড়ি কেনাবেচা প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম বিঘা গ্রামে। গতকাল শনিবার দক্ষিণ কেরানীগঞ্জের সাতপাখি এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানার একটি জালিয়াতি ও প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির এ কর্মকর্তা জানান, সাইফুল ইসলামের বিরুদ্ধে ভাটারা, চাঁদপুর মডেল, গুলশান থানাসহ বিভিন্ন স্থানে প্রতারণা, আত্মসাৎ, চুরি ও হুমকির অভিযোগে ছয়টি মামলা রয়েছে। এসব মামলা তদন্ত ও বিচারাধীন।

ক্যান্টনমেন্ট থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী এক ব্যক্তি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় একটি পুরোনো গাড়ি কেনাবেচা প্রতিষ্ঠানের মালিক। ২০২৩ সালের অক্টোবরে সাইফুল ইসলাম ও তাঁর এক সহযোগী ১০ লাখ টাকায় একটি গাড়ি বিক্রি করেন। এর মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকা নগদ এবং ৭ লাখ ৫০ হাজার টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়। পরে মালিকানা নিয়ে জটিলতা দেখা দিলে অনলাইনে যাচাই করে জানা যায়, গাড়িটির মালিকানা অন্য ব্যক্তির নামে হস্তান্তর করা হয়েছে। তাঁর কাছে জাল নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তৈরি মালিকানা হস্তান্তর করা হয়েছে। গাড়ির প্রকৃত মালিক আরেকজন। এ নিয়ে জটিলতা তৈরি হয়। এরপর ক্রেতাকে হয়রানি ও হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা চালায় সাইফুল।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ জুন ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন ভুক্তভোগী ব্যক্তি। মামলায় সাইফুল ইসলাম ও তাঁর স্ত্রী রিজিয়া সুলতানাকে আসামি করা হয়। রিজিয়া সুলতানা নিজেকে কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেট আবার কখনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দাবি করে কাগজপত্রে সই করতেন। থানা-পুলিশের পরে মামলাটি তদন্ত শুরু করে সিআইডি। তাঁর স্ত্রী জামিনে রয়েছেন।

সিআইডির তদন্তে উঠে আসে, চক্রটি বিভিন্ন রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে স্বল্প সময়ের মধ্যে জাল মালিকানা চুক্তিনামা ও রসিদ তৈরি করে বিক্রি করতেন। সাইফুল নিজেকে কখনো বিভিন্ন কোম্পানির এমডি, কখনো সংবাদমাধ্যমের কর্মকর্তা পরিচয় দিতেন। তাঁর স্ত্রীকেও ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভিজিটিং কার্ড তৈরি করে প্রতারণার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর চেষ্টা করা হতো।

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক

সাবেক এমপি সানজিদা ও সাবেক সচিব নজরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজধানীর চার স্থানে ছড়ানো লাশের টুকরা, খুনি থাকতেন একই ফ্ল্যাটে: পুলিশ

হাত ও পায়ের পর এবার মাথা উদ্ধার

ডেমরায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর অভিযানে দুজন আটক

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৬, বেঁচে আছে শুধু ৩ শিশু-কিশোর

রাজধানীতে দোকানে ঢুকে পিস্তল-ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা

ভাড়া বাড়ি থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, পলাতক স্বামী

রাজধানীতে তিন স্থানে বিচ্ছিন্ন তিন হাত-পা, পরিচয় মিলল ফিঙ্গারপ্রিন্টে