হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর পশুর হাট ও বাস টার্মিনাল ঘিরে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াতের লক্ষ্যে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ। আজ সোমবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দুই সিটি করপোরেশনের কোরবানির পশুর হাট নিয়ে ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি হাটে দৃশ্যমান পুলিশ, সাব কন্ট্রোলরুমসহ ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রতিটি হাটে জাল নোট শনাক্তকরণে মেশিন থাকবে। হাটে ছিনতাই, জাল নোট, অজ্ঞান পার্টি, মলম পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকের পুলিশও ২৪ ঘণ্টা মোতায়েন রয়েছে।

এ ছাড়া হাটগুলোতে মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা থাকছে। পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক মোতায়েনের পাশাপাশি ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে হাট পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে বলেও জানিয়েছেন ডিএমপি কমিশনার।

মোসলেহ্ উদ্দিন আহমেদ আরও বলেন, ঢাকার প্রবেশপথগুলোতে বিশেষ চেকপোস্ট বসানোর পাশাপাশি পশুবাহী গাড়িগুলোর দিকে নজর রাখা হচ্ছে, যেন কোনো পশুবাহী গাড়ি নির্দিষ্ট হাট ছাড়া অন্য হাটে নিতে না পারে।

ঈদযাত্রা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ঈদের আগের দিনগুলোতে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়ার কারণে এলাকার নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটগুলোতে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। টার্মিনাল ও হাটগুলোতে যেকোনো ধরনের অপরাধ রোধে মোবাইল কোর্ট চলমান রয়েছে। অতিরিক্ত যাত্রী বহন ও বেশি দামে টিকিট বিক্রির অভিযোগগুলো দেখা হচ্ছে।

পরে গাবতলী পশুর হাটের ইজারাদার ও বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হানিফ বলেন, ‘কোরবানির ঈদকে কেন্দ্র করে গাবতলী পশুর হাটে বেশ চাপ রয়েছে। আমাদের যথেষ্ট স্বেচ্ছাসেবক রয়েছে। এরপরেও নানা ধরনের অপরাধ রোধে পুলিশকে সহায়তা করা হচ্ছে।’

ঈদযাত্রার বাসগুলো গাবতলী টার্মিনাল থেকে যেন সুশৃঙ্খলভাবে গন্তব্যে যেতে পারে, সে জন্য স্বেচ্ছাসেবক ও শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ২

নজরুলের চেতনা ধারণ করে শান্তি ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে হবে: ঢাবি উপাচার্য

রাজধানীর বাড্ডায় চিপসের কারখানায় আগুনে দুই কর্মচারী নিহত

শিশু গৃহকর্মীকে নির্যাতন: বিমানের সাবেক এমডি সাফিকুরের স্ত্রীর জামিন নামঞ্জুর

ঈদের ৩ দিনে ২১ হাজার টন বর্জ্য অপসারণে করবে ডিএনসিসি

পশুর হাটের পাশাপাশি এখন ব্যস্ত কামারপাড়া

উত্তরায় ‘কালামানিক-রোনালদো’ তেজগাঁওয়ে ‘মরুভূমির জাহাজ’

রাজধানীর ফুটপাত: ভাগাভাগিতে বাদ পুরোনো হকার

সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

শাহবাগে শিশু নিপীড়ন ও ধর্ষণবিরোধী সমাবেশে পাঁচ দফা দাবি উত্থাপন