জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২০ এর ভারপ্রাপ্ত বিচারক মাজহারুল ইসলাম অভিযোগ গঠন করেন। এ ছাড়া আগামী ৯ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী মাজেদুল ইসলাম।
বাদী পক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার ৩ আসামি বিচার শুরু হলো।
আসামিরা হলেন জোবায়েদের ছাত্রী (১৯), তাঁর বন্ধু মো. মাহির রহমান (১৯) ও মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লান (২০)।
আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের সময় তাঁরা নিজেদের নির্দোষ দাবি করেন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন। ২০২৫ সালের ১৯ অক্টোবর বিকেলে পুরান ঢাকার বংশাল থানার নুর বক্স লেনের একটি ভবনে ছাত্রীকে পড়াতে যান তিনি। ওইদিন ভবনটির নিচতলায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে তৃতীয় তলার সিঁড়ির পাশে তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ওইদিন সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে জোবায়েদের বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাইকে মেসেঞ্জারে তাঁর মৃত্যুর খবর জানান তাঁর ছাত্রী। পরে আরেক শিক্ষার্থীর কাছ থেকে খবর পেয়ে জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত স্বজনদের সঙ্গে নিয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যান। ভবনের সিঁড়ি ও দেয়ালে রক্তের দাগ দেখে তাঁরা তৃতীয় তলার সিঁড়ির পাশে জোবায়েদের মরদেহ দেখতে পান।
এ ঘটনায় ২০২৫ সালের ২১ অক্টোবর বংশাল থানায় হত্যা মামলা করেন জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত। তদন্ত শেষে গত ৩০ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন।
অভিযোগপত্রে জোবায়েদের ছাত্রী, তাঁর বন্ধু মো. মাহির রহমান ও মাহিরের বন্ধু ফারদীন আহম্মেদ আয়লানকে আসামি করা হয়।