কুমিল্লার চৌদ্দগ্রামে মাদ্রাসাশিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠাতা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ইবতেদায়ি শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে একমাত্র আসামি করে মামলা করেন ভুক্তভোগী শিক্ষক খায়রুল ইসলাম।
মামলার বিষয়টি আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন।
মামলায় ভুক্তভোগী খায়রুল ইসলাম উল্লেখ করেন, তিনি ওই মাদ্রাসার বাংলা শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আর জাহাঙ্গীর হোসেন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং ইবতেদায়ি শিক্ষক। তিনি খুবই উগ্র মেজাজের লোক। প্রতিষ্ঠাতা হিসেবে প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে শিক্ষক ও কর্মচারীদের নানাভাবে নির্যাতন করেন। কেউ প্রতিবাদ করলে তাঁদের চাকরিচ্যুত করার হুমকি এবং বেতন আটকিয়ে রাখা হয়।
১৫ এপ্রিল সকাল পৌনে ১০টায় তিনি (খায়রুল ইসলাম) মাদ্রাসায় হাজির হলে জাহাঙ্গীর হোসেন তাঁকে দায়িত্ব অবহেলার মিথ্যা অভিযোগ দিয়ে শিক্ষক রুমে আটক করে অন্য শিক্ষকদের উপস্থিতিতে চড়-থাপ্পড় মারেন। এ সময়ে উপস্থিত শিক্ষকেরা তাঁকে নিবৃত্ত করেন। পরে অফিস কক্ষের দরজা-জানালা বন্ধ করে দিয়ে আবার মারধর করা হয়।
ওসি মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, লাঞ্ছিত হওয়া শিক্ষক খায়রুল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে জাহাঙ্গীর হোসেনকে আসামি করে একটি মামলা করেন। অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।