হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় প্রাডো গাড়ি থেকে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

 কুমিল্লা প্রতিনিধি 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি বিলাসবহুল গাড়ি থেকে প্রায় তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার সদর উপজেলার জাগুরজুলি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে প্রায় তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার দুপুর ১২টার দিকে পরিচালিত এই অভিযানে কক্সবাজারের চকরিয়া উপজেলার দুই বাসিন্দাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

আটক দুজন হলেন চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) ও গাড়িচালক আমান উল্লাহ (৩৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জাগুরজুলি এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সাদা রঙের একটি প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির একটি লাগেজের ভেতর স্কচটেপে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ইয়াবা ট্যাবলেটগুলো গণনা করে এর পরিমাণ প্রায় তিন লাখ বলে নিশ্চিত করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে ইয়াবার চালানটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এসপি আরও বলেন, বিপুল পরিমাণ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাডো গাড়িটিও জব্দ করা হয়েছে। এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।