হোম > সারা দেশ > কুমিল্লা

প্রবাসীদের অর্থে সেতু নির্মাণ, দুর্ভোগ কমল ৫ গ্রামের মানুষের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

পাঁচ গ্রামের মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে প্রবাসীদের অর্থায়নে কুমিল্লার চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পাঁচ গ্রামের মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে প্রবাসীদের অর্থায়নে কুমিল্লার চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হওয়া এ নদীর কাশিনগর এলাকার দরবেশ মার্কেট ও জুগীরকান্দি গ্রামের সংযোগস্থলে সেতুটি নির্মিত হয়েছে। ১২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থ বিশিষ্ট সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ টাকা। আজ বুধবার দুপুরে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ওই জায়গায় বাঁশের সাঁকো দিয়ে পাঁচ গ্রামের মানুষ যাতায়াত করতেন। সেতু নির্মাণের ফলে কাশিনগর ইউনিয়নের জুগীরকান্দি, বারইয়া, দরবেশ মার্কেট ও মজলিশপুর গ্রামের মানুষের যাতায়াতে ঝুঁকি কমেছে। দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। কিন্তু কাজ হয়নি। সেই দাবি বাস্তবায়নে এগিয়ে এসেছেন জুগীরকান্দি গ্রামের প্রবাসীরা।

স্থানীয় শিক্ষক আকবর আলী বলেন, ‘মহৎ মনের অধিকারী না হলে এমন কাজ করতে পারেন না। সেতু নির্মাণে শিক্ষার্থীসহ স্থানীয়রা অনেক উপকৃত হবে। রোগীদের ক্লিনিক ও হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে। আগে ৩ কিলোমিটার ঘুরে নদীর ওপারের গ্রামগুলোতে যেতে হতো।’

অ্যাডভোকেট আবুল কাশেম মজুমদার বলেন, ‘জুগীরকান্দি গ্রামের প্রবাসীদের আর্থিক সাহায্যে সেতুটি নির্মাণ সম্ভব হয়েছে। লোহার পাটাতন দিয়ে পুরো সেতুটি নির্মাণ করা হয়েছে। এলাকাবাসী চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে এই প্রবাসীদের স্মরণ করবে।’

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে রেমিট্যান্স যোদ্ধাদের অর্থায়নে স্বল্প সময়েই সেতুটি নির্মাণ হয়েছে শুনে ভালো লেগেছে। দেশের অর্থনীতির মূল চালিকাশক্তির পাশাপাশি প্রবাসীরা এভাবে সামাজিক কল্যাণমূলক কাজে এগিয়ে আসলে সামাজিক উন্নয়নের চিত্র পাল্টে যাবে। সরকারের সঙ্গে সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসা প্রয়োজন।’

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল, কী বলছে পুলিশ

নিখোঁজের ৩ দিন পর পুকুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটারের বগি, সচল হয়নি আপলাইন

শাশুড়িকে মারধরের ভিডিও ফেসবুকে, আটক পুত্রবধূ

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আত্মবিশ্বাস বাড়াবে: হাসনাত আবদুল্লাহ

পদত্যাগ বর্তমান সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত আবদুল্লাহ

রাশিয়া থেকে বোনের ফোনে বার্তা, ‘সাগর আর নেই’, ৪-৫ মাস ধরে নিখোঁজ কুমিল্লার তরুণ

দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিং, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট