হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে ট্রান্সফরমার চুরির অভিযোগে আটক ২

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

আটক দুজন। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার এলাহাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন দেবিদ্বার উপজেলার এলাহাবাদ এলাকার মৃত সুরজ মিয়ার ছেলে মো. জীবন (২২) এবং একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. ইমন (২৪)।

অভিযোগ সূত্রে জানা গেছে, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দেবিদ্বার জোনাল অফিসের আওতাধীন এলাহাবাদ এলাকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট কর্মকর্তা খন্দকার মঞ্জুর হায়দার (৩০) বাদী হয়ে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়।

মামলায় আটক দুজন ছাড়াও মো. শাহ কামাল (২০), মো. শাহ জালাল (২৮) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে শনাক্ত করে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।