হোম > সারা দেশ > কুমিল্লা

কক্সবাজার থেকে ফেরা স্লিপার কোচে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লার পদুয়া বাজার এলাকার হোটেল নুরজাহানের সামনে বাসে অগ্নিকাণ্ড ঘটে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্লিপার নাইট কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসটিতে যাত্রী ছিলেন। তবে দ্রুত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার এলাকার হোটেল নুরজাহানের সামনে এ অগ্নিকাণ্ড ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে নওগাঁর উদ্দেশে ছেড়ে আসা ‘শাহ ফাতিহা স্লিপার কোচ’ পরিবহনের বাসটি রাত আড়াইটার দিকে পদুয়া বাজার এলাকায় যাত্রাবিরতি দেয়। হোটেল নুরজাহানের সামনে বাসটি থামানোর কিছুক্ষণ পরই এতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাসটির বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে তাঁদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাসটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।