কুমিল্লার দেবিদ্বারে ফুটবল খেলায় গোল করাকে কেন্দ্র করে দুপক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুধু তাই নয় এই ঘটনার জেরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধের ঘটনাও ঘটেছে।
আজ শুক্রবার বিকেলে দেবিদ্বার উপজেলার কালিকাপুর সমাজ কল্যাণ যুব সংঘ আয়োজিত ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শেষ পর্যায়ে দুপক্ষের (ভিরাল্লা এবং আলিয়াবাদ) সমর্থক ও খেলোয়াড়দের মাঝে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পরে সন্ধ্যা ৭টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের ভিরাল্লা অংশে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে এবং এলাকার মুরুব্বিদের সহায়তায় অবরোধ তুলে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় সড়কের উভয়পার্শ্বে অন্তত তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্রিজ-টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার ভিরাল্লা বনাম আলিয়াবাদ প্রতিদ্বন্দ্বিতা করছিল। খেলার প্রথমার্ধে ভিরাল্লা গোল দিয়ে এগিয়ে যায়। পরবর্তীতে আলীয়াবাদ গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এমতাবস্থায় ভিরাল্লার দলে তুহিন নামের এক সমর্থকের সঙ্গে গোল করা নিয়ে আলিয়াবাদের এক সমর্থকের বাগ্বিতণ্ডা হয়। পরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
আরও জানা যায়, ভিরাল্লার সমর্থকদের দুটি মোটরসাইকেল, তিনটি মোবাইল ফোন আটকে রাখা ও একটি পিকআপ ভ্যানের গ্লাস ভেঙে ফেলার অভিযোগ ওঠে আলিয়াবাদের সমর্থকদের বিরুদ্ধে। পরে ভিরাল্লা সমর্থকেরা এলাকায় এসে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করেন।
এই সংঘর্ষে আহতদের মধ্যে মো. শান্ত (২৮), মো. তুহিন (৩৭), মো. লিটন (২৫), মো. রাব্বি (২৭), মো. সাব্বির হোসেন (২৪) দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়াও অন্তত ১০ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
তবে এ ঘটনার পর টুর্নামেন্ট পরিচালনাকারী অনেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
সড়ক অবরোধের বিষয়ে দেবিদ্বারে দায়িত্বরত ট্রাফিক সহকারী সার্জেন্ট তাপস দাস বলেন, ‘ডিআইজি সাহেব কুমিল্লা -সিলেট মহাসড়ক হয়ে ব্রাহ্মণবাড়িয়া যাবেন, আমরা সড়কের ফুলগাছতলা এলাকায় যানজট নিরসনে কাজ করছিলাম। পরে শুনলাম ভিরাল্লা এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধ করা হয়েছে, এখানে এসে স্থানীয়দের সহযোগিতায় সড়ক থেকে তাঁদের সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়।’
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় একপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। শুনেছি আরেক পক্ষ অভিযোগ নিয়ে আসছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, সড়ক অবরোধের সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।