হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরের ট্রিপল মার্ডার: আট আসামির তিন দিনের রিমান্ড

কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লার আদালতে হাজির হওয়া আসামিরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে তিনজনকে পিটিয়ে হত্যার (ট্রিপল মার্ডার) ঘটনায় সেনাবাহিনী ও র‌্যাবের হাতে গ্রেপ্তার আট আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা ডিবি পুলিশের নিরাপত্তায় কারাগার থেকে তাদের কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১১ এ হাজির করা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুল হক তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশ আট আসামির সাত দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই পর্যন্ত সেনাবাহিনী ও র‌্যাব যৌথভাবে আটজন আসামিকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি মো. আব্দুল্লাহ বলেন, গ্রেপ্তার আট আসামির সাত দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত তিন দিন রিমান্ড দিয়েছেন। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। রিমান্ড শেষে আট আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি ইউপি সদস্য বাচ্চু মিয়া আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানালে তার বক্তব্য রেকর্ড করেন বিচারক।

এর আগে গত ৬ জুলাই বিকেলে র‌্যাবের হাতে আটক ছয় আসামিকে কুমিল্লার আদালতে হাজির করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। শুনানি শেষে আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক সিদ্দিক আজাদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

অন্যদিকে, ৫ জুলাই সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে আটক নাজিমুদ্দিন বাবুল ও ছবির আহমেদ নামে দুই আসামিকেও পুলিশের মাধ্যমে আদালতে হাজির করা হয়। আদালত-১১ এর বিচারক মুমিনুল হক তাদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই সন্ধ্যায় মুরাদনগরের কড়ইবাড়ি এলাকায় মাদক কারবারের অভিযোগ তুলে নিজ বাড়িতে রোকসানা বেগম রুবি, তার মেয়ে জোনাকি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত রুবির বড় মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন।

হোমনায় বাজারের ইজারার দর কমেছে অর্ধকোটি টাকা

কুমিল্লায় বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় আহত ১৫

তনু হত্যা মামলা: ৩ সাবেক সেনাসদস্যের ডিএনএ পরীক্ষার নির্দেশ

বুড়িচংয়ে ৪ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার চান্দিনায় ফুটওভারব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ, এমপির আশ্বাসে প্রত্যাহার

স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কুমিল্লার এমপি মনিরুল

কুমিল্লা বাসস্ট্যান্ডে ৩টি বাসে আগুন

বসন্তের শেষ ভাগে কুমিল্লার গ্রামাঞ্চলে বরুণ ফুলের রঙিন ছোঁয়া

কুমিল্লায় মধ্যরাতে মহাসড়কে চার্জার লাইট জ্বালিয়ে চলছে দুই গ্রামের সংঘর্ষ

এক বিষয়ে ৫ বার ফেল, মেডিকেল শিক্ষার্থীর ‘আত্মহত্যা’