জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রশাসন পরিচালনায় ব্যর্থতা, গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে অক্ষমতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিএনপি সরকার অল্প সময়েই জনসমর্থন হারাতে শুরু করেছে।
শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ এসব কথা বলেন।
আসিফ মাহমুদ দাবি করেন, অতীতে আওয়ামী লীগ দীর্ঘ সময়ে যে ধরনের জন-অসন্তোষের মুখোমুখি হয়েছিল, বর্তমান সরকার মাত্র কয়েক মাসের মধ্যেই একই ধরনের পরিস্থিতিতে পৌঁছে গেছে।
এনসিপি নেতা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মব জাস্টিস নিয়ন্ত্রণে সরকার দৃশ্যমান কোনো সফলতা দেখাতে পারেনি। দায়িত্ব গ্রহণের পর এ ধরনের ঘটনা বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা বেড়েছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ বলেন, সরকার দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর ঘোষণা দিলেও অল্প সময়ের মধ্যে বিদ্যুৎসহ বিভিন্ন জ্বালানি পণ্যের মূল্য কয়েক দফা বৃদ্ধি করা হয়েছে। এর প্রভাব পরিবহন, উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়ছে। ফলে সাধারণ মানুষ অর্থনৈতিক চাপে পড়ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ও জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নাগরিক ঐক্য, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে শতাধিক নেতা-কর্মী ও সমর্থক এনসিপিতে যোগদান করেন। পরে নবাগত ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করে নেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন ও জয়নাল আবেদীন শিশির, কেন্দ্রীয় সদস্য ফারজানা আক্তার ও কাজী আহনাফ তাহমিদ, জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুফিয়ান রায়হান, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাঈম আবেদীন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান।
কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সিরাজুল হক এবং জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার মাজহারুল ইসলাম।