হোম > সারা দেশ > কক্সবাজার

রমজানের পর সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী বা চাঁদাবাজকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও মাদক দমনে বর্তমান সরকার বদ্ধপরিকর। একই সঙ্গে চিরতরে মব কালচার নির্মূলেও সরকার কঠোর।

আজ সোমবার দুপুরে কক্সবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো সন্ত্রাসী, অস্ত্রধারী বা সংঘবদ্ধ ক্রিমিনালকে ছাড় দেওয়া হবে না। সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান মাসের পরপরই সরকার এই অভিযান শুরু করবে। গতকাল রাতে ও আজকেও চট্টগ্রামে একটি বড় ধরনের যৌথ অভিযান চালানো হয়েছে। জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন নিশ্চিত করতে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই কিছু বিচ্ছিন্ন ঘটনাকে মব বলছে। তবে মবকে কোনোভাবেই প্রশ্রয় দিচ্ছে না সরকার। মব বন্ধে সরকার কাজ করছে। তিনি বলেন, সারা দেশে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান মাসের পরপরই সরকার এই অভিযান শুরু করবে।

হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছেন জানিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, তাঁদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপক্ষীয় যে চুক্তি রয়েছে, সে চুক্তি অনুযায়ী শিগগির তাঁদের ফেরত আনা যাবে।

মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, কক্সবাজার-টেকনাফ রুট দিয়ে মাদক চোরাচালান সম্পূর্ণ বন্ধ করতে হবে। পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে সমন্বিতভাবে এ বিষয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে হলে আমাদের এই রুটগুলোকে কঠোর নজরদারিতে আনতে হবে।’

এ ছাড়া কক্সবাজার শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজারের তিন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, শাহজাহান চৌধুরী, আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চকরিয়ায় মাতামুহুরী নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজার সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

টেকনাফে টমটমচালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানে ঢুকে পড়ল পিকআপ ভ্যান, বৃদ্ধ নিহত

উখিয়ায় স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

হাসপাতালে চিকিৎসা নিতে এসে লিফটের নিচে পড়ে মৃত্যু, ৪ দিন পর লাশ উদ্ধার

গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

কক্সবাজারে গ্যাস পাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু

টেকনাফ মেরিন ড্রাইভে জিপ ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে ১৫৩ জন উদ্ধার, আটক ১৫