কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মসজিদ লাগোয়া কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রামে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ ইদ্রিস। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পাহাড়তলী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে ও পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মত স্থানীয় লোকজন ফজরের নামাজ পড়তে পূর্ণগ্রাম মসজিদে যায়। মুসল্লিরা মসজিদে ইমামকে না দেখে, তাঁকে খুঁজতে দরজায় গিয়ে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় ধরে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিয়ে দেখেন, ইমাম ইদ্রিস কক্ষের আড়ার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন। কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় বিষয়টি চকরিয়া থানা পুলিশকে অবহিত করা হয়। পরে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মসজিদের ইমাম যে কক্ষে থাকতেন, সেটি ভেতর থেকে ছিটকিনি দিয়ে আটকানো ছিল। ওই কক্ষে কারো বাইরে থেকে প্রবেশ করার আলামতও পাওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।’