হোম > সারা দেশ > কক্সবাজার

রামুতে ছেলের গুলিতে আহত বাবা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

অভিযুক্ত ছেলে মো. জুবায়ের। ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধেচুয়াপালং তেলখোলা এলাকায় পারিবারিক কলহের জেরে ছেলের গুলিতে আহত মোহাম্মদ আয়াছ (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। আজ রোববার বেলা ২টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে মো. আয়াছের বড় ছেলে মো. জুবায়েরের (৩৭) সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জুবায়ের তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মোহাম্মদ আয়াছ গুরুতর আহত হন।

স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে আজ বেলা ২টার দিকে তিনি মারা যান।

ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের পলাতক বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছেন।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “পুলিশ ঘটনাটি অবহিত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত জুবায়েরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”