হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

স্বামী-সন্তান দেখতে বাংলাদেশে এসে কারাগারে ঠাঁই, ৮ মাস পর ভারতে ফিরলেন ফাল্গুনী

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে আজ রোববার সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নাগরিক ফাল্গুনী রায়কে নিজ দেশে হস্তান্তর করা হয়। ছবি: আজকের পত্রিকা

একদিকে নাড়ির টান, অন্যদিকে সীমান্তের কাঁটাতার—এই দুইয়ের মাঝে পিষ্ট হয়ে দীর্ঘ আট মাস বাংলাদেশের কারাগারে কাটাতে হলো ভারতীয় নাগরিক ফাল্গুনী রায়কে। নিজের প্রথম স্বামী ও একমাত্র সন্তানের মুখ দেখার আকুলতা নিয়ে বাংলাদেশে এলেও শেষ পর্যন্ত এক বুক হাহাকার নিয়ে ফিরতে হয়েছে তাঁকে।

আজ রোববার (৮ মার্চ) সকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে স্বদেশে ফিরেছেন ফাল্গুনী। দর্শনা আইসিপি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে নিজ দেশে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ঘটনার সূত্রপাত ২০২৫ সালের জুনে। বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার শিংড়ি টেংরা কলোনি গ্রামের বিশ্বনাথ রায়ের মেয়ে ফাল্গুনী রায়। গন্তব্য ছিল পিরোজপুরের স্বরূপকাঠি, যেখানে তাঁর প্রথম স্বামী ও সন্তান বসবাস করে। তবে প্রিয়জনদের সান্নিধ্য পাওয়ার পরিবর্তে সেখানে গিয়ে তাঁকে নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে। তাঁর প্রথম স্বামী তাঁকে মারধর করে পাসপোর্ট ছিনিয়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

পাসপোর্ট হারিয়ে দিশেহারা ফাল্গুনী ঝিনাইদহের মহেশপুরে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে পাসপোর্ট ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে ফেরার চেষ্টা করলে বিজিবির হাতে আটক হন তিনি। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁর বিরুদ্ধে মামলা হয় এবং আদালত তাঁকে চার মাস পাঁচ দিনের কারাদণ্ড দেন। তবে দুই দেশের কূটনৈতিক ও অভিবাসন-সংক্রান্ত আমলাতান্ত্রিক জটিলতায় সাজা শেষ হওয়ার পরও অতিরিক্ত আরও চার মাস ফাল্গুনীকে কারাগারে থাকতে হয়।

চলতি বছরের ১০ জানুয়ারি ফাল্গুনীকে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে স্থানান্তর করা হয়। ডিসেম্বরে ভারতীয় দূতাবাসের ছাড়পত্র এবং জানুয়ারিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন মিললেও জাতীয় নির্বাচনের কারণে তাঁর প্রত্যাবাসন প্রক্রিয়া কিছুটা ঝুলে যায়। অবশেষে আজ সকালে সব আনুষ্ঠানিকতা শেষে বিজিবির দর্শনা ক্যাম্পের সুবেদার এনামুল হক ও বিএসএফের গেদে ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমারের উপস্থিতিতে তাঁকে পরিবারের কাছে হস্তান্তরের জন্য ভারতে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা: ঠান্ডা-গরমে রোগীর চাপ বেড়েছে হাসপাতালে

উদ্বোধনের পাঁচ বছর না যেতেই বেহাল চুয়াডাঙ্গা জেলা মডেল মসজিদ

চুয়াডাঙ্গায় জামায়াত কর্মী হত্যায় জড়িতদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

চুয়াডাঙ্গায় বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত কর্মী নিহত

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি রুহুল আমিনের পরিচ্ছন্নতা অভিযান, অপারেশন চালুর আশ্বাস

সেবা বন্ধ করে দুই এমপির সভা, ফিরে গেলেন রোগীরা

বেকারির ডালডায় মিলল মরা ইঁদুর

চুয়াডাঙ্গার দুটি আসনে ১১ দলের প্রার্থীর জয়

চুয়াডাঙ্গায় ব্যালট বইয়ে ৯৯ পেপার কম থাকার অভিযোগ

পোস্টাল ভোট দেওয়ার পরও কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চেষ্টা, স্কুলশিক্ষককে জরিমানা