হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বোর্ডে পাসের হার সবচেয়ে কম খাগড়াছড়িতে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে পিছিয়ে রয়েছে খাগড়াছড়ি। এ জেলায় পাসের হার মাত্র ২৯ দশমিক ৮৫ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ। সব মিলিয়ে এ বছর বোর্ডে পাসের হার ৫২ দশমিক শূন্য ৭ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা—দুটিই কমেছে। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ৯৭ জন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী।

ফলাফল সম্পর্কে অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘আমাদের পাসের হার গতবারের কাছাকাছি। এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে এবং অভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে। তাই মূল্যায়ন যথাযথ হয়েছে। এ কারণে এ বছর জিপিএ-৫ অনেক কমেছে।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল। তাই শুরুর দুয়েকটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি কাজ করতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কারণেও পরীক্ষা কিছুদিন বন্ধ ছিল। এতে হয়তো শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে একটু সময় লেগেছে। এটিও একটি কারণ হতে পারে।’

শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং মেয়েদের ৫৩ দশমিক ৮৯ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে কম পাসের হার খাগড়াছড়িতে, ২৯ দশমিক ৮৫ শতাংশ। এ ছাড়া রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ শতাংশ, বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ এবং কক্সবাজারে ৪৩ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, ৭৪ দশমিক ৪২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৪ দশমিক ১৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৩৬ শতাংশ।

চলতি বছরের ২ জুলাই থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। পরে ২৭ জুলাই থেকে নিয়মিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলো ২০ আগস্ট থেকে শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলে।

যুবদলকর্মীর বিরুদ্ধে বিচার চাইতে স্যালাইন হাতে মধ্যরাতে থানায় আরেক কর্মী

সীতাকুণ্ডে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের আনোয়ারা: উপকূলে বাঁধ দৃশ্যমান ঝড়ে ক্ষতির শঙ্কা দূর

মিথ্যা ঘোষণায় বন্দরে বাড়ছে আমদানি

এতিমদের দায়িত্ব সরকারের, বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ, আটক ৮

ফটিকছড়িতে খাদে পড়া প্রাইভেট কারে ৪০ লিটার চোলাই মদ, চালক পলাতক

পটিয়ায় রেললাইনের পাশে পড়ে ছিল নারীর হাত-পা বিচ্ছিন্ন মরদেহ

রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডা: সেই ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির নোটিশ

গরিবের কোটি টাকা লোপাট, ১৩ জনের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা