হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষার্থী নিহতের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার ছাড়াল যানজট

সীতাকুণ্ড প্রতিনিধি

শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে ২০ কিলোমিটার ছাড়িয়েছে যানজট। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত (২১) নিহতের ঘটনায় পাঁচ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয় এবং রেল চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টায় লরির ধাক্কায় মাইশা, তাঁর এক সহপাঠী এবং একটি মিনিবাসের কয়েকজন যাত্রী আহত হন। আহত মাইশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

মাইশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আইআইইউসির শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। পরে শিক্ষার্থীরা বড় গাছের গুঁড়ি ফেলে রেলপথও অবরোধ করেন।

শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে ২০ কিলোমিটার ছাড়িয়েছে যানজট। ছবি: আজকের পত্রিকা

অবরোধের শুরুতে ঢাকামুখী সড়কে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে। পরে চট্টগ্রামমুখী সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। এতে চালক ও দূরদূরান্তের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শিক্ষার্থীরা জানান, জেলা প্রশাসক ঘটনাস্থলে না আসা পর্যন্ত তাঁরা অবরোধ প্রত্যাহার করবেন না। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার পর পাঁচ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস পেলে তবেই কর্মসূচি প্রত্যাহার করা হবে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—২৪ ঘণ্টার মধ্যে লরিচালককে গ্রেপ্তার করে চালক ও মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, কেডিএস ডিপোর অবৈধ পার্কিং বন্ধ করা, ক্যাম্পাস গেটের উভয় সড়কে পদচারী সেতু স্থাপন, ক্ষতিগ্রস্ত পরিবারকে লরির মালিকপক্ষের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং রাস্তা পারাপারের সুবিধার্থে ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানো।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা মনির চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যুর ঘটনায় পুরো বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষের নির্দেশনায় আজ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম শুভ জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথে যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করছে। সঠিক তদন্তের মাধ্যমে চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে।

চুয়েটে শিক্ষার্থীরা ক্লাসে, ভিসি ঢাকায়, রুটিন দায়িত্ব নিচ্ছেন না কেউ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ

পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে প্রাণ গেল ছুরিকাঘাতে

কালুরঘাট থেকে চৌধুরীহাট: বালুর দেড় শতাধিক অবৈধ স্পট

পারকিতে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে কর্ণফুলী টানেল সার্ভিস এলাকা

ফটিকছড়িতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত

চট্টগ্রামে সাবেক কাস্টমস কর্মকর্তা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলা: বগাসহ ৪ জন এক দিনের রিমান্ডে

চট্টগ্রামে পক্ষ পরিবর্তন করায় কর্মী হত্যা: নগর যুবদল নেতা জুয়েলসহ গ্রেপ্তার ২