হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কিশোর গ্যাংবিরোধী অভিযান: আটক ৪৪৫, অভিভাবক ডেকে ২৯৩ জনকে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রোববার সন্ধ্যার পর অভিযানের পর অভিভাবকেদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন পুলিশ কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের উপজেলাগুলোতে পুলিশের সাঁড়াশি অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৪৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১৫০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন থানা এলাকার পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গায় এ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র মো. রাসেল।

তিনি জানান, কিশোর অপরাধ প্রতিরোধ ও কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে চট্টগ্রাম জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৭টি থানা এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে মোট ৩৫৪ জন কিশোরকে আটক করে থানায় আনা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। অপর দিকে, অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ১৫২ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে এনে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সন্তানেরা কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, নিয়মিত কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে আসছে কি না এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার জন্য অভিভাবকদের ব্রিফ করা হয়। পাশাপাশি সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নজরদারি এবং মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখার বিষয়ে বিভিন্নভাবে সচেতন করা হয়।

আরও পড়ুন:

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ২৫৪ জন আটক