চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৪ জুন) ভোররাত ৩টার দিকে সীমান্তের ২০৩/৬-আর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশুসহ মোট ২৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্য লাইনের কাছাকাছি তাদের অবস্থান শনাক্ত করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সীমান্তে সতর্ক অবস্থান নেয়। একই সময়ে বিএসএফও অতিরিক্ত সদস্য মোতায়েন করে।
তবে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, বুধবার গভীর রাতে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে তারা বাঙ্গাবাড়ি ইউনিয়নের ব্রজনাথপুর এলাকায় ঘোরাফেরা করলে স্থানীয় গ্রামপুলিশ ও জনপ্রতিনিধিরা তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে বিজিবি তাদের আবার সীমান্ত এলাকায় ফেরত পাঠায়। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মোহা. নাসিরুল ইসলাম। তিনি আরও জানান, তাদের মধ্যে কয়েকজন নিজেদের বাড়ি খুলনা অঞ্চলে বলে দাবি করেছে।
এ বিষয়ে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ‘পুশ ইন চেষ্টা করা ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।’ তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।