হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে আইনজীবীদের হামলায় ৭ জন আহত, সাংবাদিক-পুলিশ লাঞ্ছিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের হামলায় সাতজন আহত। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে একটি সালিসে বিরোধকে কেন্দ্র করে আইনজীবীদের হামলায় সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আহত ব্যক্তিদের ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী, হামলার শিকার ব্যক্তি, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে একটি সালিসকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে ইমাম হাসান বারু নামের এক ব্যক্তিকে আটকে মারধর করেন কতিপয় আইনজীবী ও তাঁদের সহকারী। এ সময় বারুর দুই ছেলে ও পরিচিত কয়েকজন তাঁদের বাঁচাতে এগিয়ে গেলে তাঁদেরও ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ তাঁদের দফায় দফায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ সময় স্টার নিউজের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান তুষার সংবাদ সংগ্রহে গেলে তাঁকেও আইনজীবী সমিতির সামনে থেকে জোরপূর্বক টেনেহিঁচড়ে তুলে নিয়ে দোতলায় আটকে অবরুদ্ধ করে রাখা হয় এবং তাঁর মোবাইল ফোন ও আইডি কার্ড কেড়ে লাঞ্ছিত করা হয়। এমনকি পুলিশের বিশেষ শাখার এক সদস্যের মোবাইল ফোন কেড়ে নিয়ে হুমকি দেওয়া হয় এবং গালিগালাজ করা হয়। অবরুদ্ধ সাংবাদিক তুষারকে ছাড়িয়ে আনতে কয়েকজন সিনিয়র সাংবাদিক ঘটনাস্থলে গেলে তাঁদেরও মারধর করতে এগিয়ে আসেন আইনজীবীরা।

আহত ব্যক্তিরা হলো জেলা শহরের বালুবাগান এলাকার ইমাম হাসান বারু (৪৬), তাঁর ছেলে রেদওয়ান আহমেদ (২২), আরেক ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র হাসানুল বান্না আকিব (১৪), একই এলাকার মমিন আলীর ছেলে জিদান (১৯), সিফাত আলী (১৮), রাইহান মণ্ডলের ছেলে পরশ (১৬) ও সদর উপজেলার মহারাজপুর এলাকার কুইক (১৯)।

আহত ব্যক্তিদের বেশির ভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে যাওয়ার সময় আটকে রেখে ব্যাপক মারধর করা হয়েছে বলে জানায় মধ্যরাতে উদ্ধার হওয়া দুই তরুণ-কিশোর সিফাত ও পরশ। আহত ব্যক্তিদের সবাইকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ। তবে আইনজীবীদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, এ ঘটনায় আহত হয়েছে সাতজন। তাদের সবাইকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজন হাসপাতালে ভর্তি রয়েছে। কিন্তু গুরুতর আহত রয়েছে তিনজন। রাত ১টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবকের ছয় দিন পর লাশ মিলল পদ্মা নদীতে

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

শিশুর গলা চেপে ওপরে তুলে মাটিতে ফেলে দেওয়া সেই মাদ্রাসাশিক্ষক আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর: ভুয়া ভাউচারে টাকা আত্মসাৎ

ম্যাঙ্গো ক্যালেন্ডার থাকছে না, পরিপক্ব হলেই পাড়া যাবে চাঁপাইনবাবগঞ্জের আম

পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ: অবহেলায় পড়ে আছে নৌ অ্যাম্বুলেন্স

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম

এবার বিলের ধানও ডুবল ঢলের পানিতে

চাঁপাইনবাবগঞ্জে সড়কে প্রাণ গেল শ্যালক-ভগ্নিপতির