হোম > সারা দেশ > চাঁদপুর

চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ, মুদি দোকানি আটক

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি 

অভিযুক্ত হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবু। ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে মুদি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে (৭১) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি অভিযুক্তের দোকানের সামনে খেলছিল। এ সময় চকলেট খাওয়ানোর কথা বলে তাকে দোকানের ভেতরে ডেকে নেওয়া হয়। পরে দোকানের শাটার বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অভিযুক্তকে আটক করেন। পরে তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী শিশুর নানা গতকাল বুধবার রাতে বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।