হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদ

চাঁদপুর প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় অর্ধ শত গ্রামে আজ উদ্‌যাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ বুধবার উদ্‌যাপন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এদিন সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সাদ্রা দরবার শরিফসহ আশপাশের এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

সাদ্রা দরবার শরিফের ঈদ জামায়াত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরবার শরিফে ঈদের জামাতের আয়োজন হয়। মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এই নামাজে ইমামতি করেন দরবারের পীর জাকারিয়া চৌধুরী আল মাদানি।

সকাল ৯টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। এই নামাজে ইমামতি করেন দরবারের পীর মাওলানা আরিফ চৌধুরী।

পাশের ফরিদগঞ্জ উপজেলায় বেশ কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন করা হবে। এর মধ্যে উপজেলার সুবিদপুর ইউনিয়নের টোরামুন্সীরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান।

এ ছাড়া মুন্সিরহাট বাজারের পূর্ব পাশে টোরা ঈদগাহ ও হাফেজিয়া মাদ্রাসা ঈদগা মাঠে সকাল পৌনে ৯টায় আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মো. বরকত উল্যাহ।

এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করতে আসা সাচনমেঘ গ্রামের মুসল্লি জসিম ব্যাপারী ও শাহাবুদ্দিন বলেন, ছোটবেলা থেকে তাঁরা আগাম রোজা ও দুই ঈদ উদ্‌যাপন করে আসছেন। তবে অনেকে সরকারি ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ঈদ উদ্‌যাপন করবেন বলে জানান।

এদিকে মতলব উত্তর উপজেলার দেওয়ানকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম। এই উপজেলায় ছয়টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

সাদ্রা দরবার শরিফের ঈদ জামাত কমিটির সদস্য আহমেদ রেজা চৌধুরী বলেন, প্রতিবছরের মতো এবারও আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত ধর্মপ্রাণ মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেছেন। মুসল্লিদের উপস্থিতিতে ঈদের আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য আরও বৃদ্ধি পায়। তবে নামাজ শেষে বৃষ্টির কারণে কিছুটা সমস্যা দেখা দেয়।

সাদ্রা দরবার শরিফ ও ফরিদগঞ্জ উপজেলার ঈদগাহ মাঠ এলাকায় মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৮ সাল থেকে সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবসহ অন্য আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্‌যাপনের প্রথা চালু করেন। তাঁর অনুসারী মুসল্লিরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় একই সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করেন।

চাঁদপুরের যেসব গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপন করা হচ্ছে

হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উপজেলার পাঁচানি, বাহেরচর পাঁচানি, সাড়ে পাঁচানি, দেওয়ান কান্দি, উত্তর নেদামদী, আংশিক লুতুরদি, আমিয়াপুর, এনায়েতনগর, মাথাভাঙা গ্রাম এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলাসহ অর্ধশত গ্রাম।

আরও পড়ুন:

পল্লী বিদ্যুতের ডিজিএম সাইফুল নারী কেলেঙ্কারিতে জনতার হাতে ধরা, মুচলেকায় মুক্তি

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ কাল, প্রথম জামাত সাড়ে ৮টায়

ঝড়ে টিনের ঘরে ভেঙে পড়ল গাছ, শিশু নিহত

চাঁদপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

চাঁদপুরে ঝড়ে অটোরিকশার ওপর গাছ পড়ে যাত্রী নিহত

কালবৈশাখী: চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

ফরিদগঞ্জে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ

চাঁদপুরে চাঁদা না দেওয়ায় বাজার ইজারাদারসহ ৬ জনকে কুপিয়ে জখম

শাহরাস্তিতে বালুবাহী ট্রাকের চাপায় কাপড় ব্যবসায়ী নিহত

চাঁদপুরে দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান