ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে প্রায় ৭৮০ কেজি কিউ (কিউআইইউ) জাতের আনারস পাঠানো হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে আনুষ্ঠানিকভাবে এ উপহার বাংলাদেশে হস্তান্তর করা হয়।
জানা গেছে, ১০০টি বক্সে প্রায় ৬০০টি কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। প্রতিটি বক্সে পাঁচ থেকে ছয়টি করে আনারস ছিল। প্রতিটি আনারসের গড় ওজন ছিল এক কেজির বেশি। সব মিলিয়ে উপহারের মোট ওজন প্রায় ৭৮০ কেজি।
আখাউড়া আইসিপির শূন্যরেখায় আয়োজিত অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের পক্ষে উপহারসামগ্রী হস্তান্তর করেন রাজ্যের উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া এবং কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব অপূর্ব রায়। তাঁরা উপহারগুলো চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা সজীব চক্রবর্তী ও সহকারী কনসুলার কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাসের কাছে হস্তান্তর করেন।
এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ত্রিপুরা সরকারের পক্ষে আরও উপস্থিত ছিলেন উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ অধিদপ্তরের উপদেষ্টা ড. রাজীব ঘোষ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কর্মকর্তারা।
অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের সচিব অপূর্ব রায় বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নিতে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের আনারস মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো হয়েছে।’
আনুষ্ঠানিকতা শেষে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে আনারসগুলো বাংলাদেশে পাঠানো হয়।