ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলা বিভক্তির প্রস্তাবের প্রতিবাদে সড়ক, রেল ও নৌপথ অবরোধ প্রত্যাহার করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর আজ রোববার দুপুরে অবরোধ তুলে নেন তাঁরা। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় বাসুদেব ইউনিয়নবাসীর ব্যানারে এ অবরোধ শুরু হয়। মাথায় কাফনের কাপড় বেঁধে কর্মসূচিতে অংশ নেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে অন্তত সাতটি আন্তনগর ট্রেন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন দুই রুটের যাত্রীরা।
পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রোমাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। এতে সোয়া চার ঘণ্টা পর ওই পথে ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। পরে সেটি আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। গত ৪ জুন এ বিষয়ে গেজেট প্রকাশিত হলে শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন বাসুদেব ইউনিয়নবাসী।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টির সমাধান না করে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের অংশবিশেষ নিয়ে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত হওয়া বরিশল ইউনিয়নকে কেন্দ্র করে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে।
বিক্ষুব্ধদের অভিযোগ, এ প্রস্তাবের পেছনে রয়েছেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় রোববার অবরোধ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।