বগুড়ায় মালবাহী ট্রাক ও একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম (৩৫) রংপুর সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। তিনি স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের চালক ছিলেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বগুড়াগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক আব্দুস সালাম নিহত হন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানে থাকা কুরিয়ার সার্ভিসের মালামাল সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।