বগুড়ার সারিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। পরে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝবাড়ী গ্রামের মুহিদুল ইসলাম সাকিদারের (৬৪) সঙ্গে একই গ্রামের খাজা প্রামাণিকের (৬০) দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে বগুড়া জেলা জজ আদালতে উভয় পক্ষের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। জমি দখলকে কেন্দ্র করে আজ সকালে জমিতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়।
আহতেরা হলেন, মাঝবাড়ী গ্রামের মন্ডলবাড়ীর রিপন আহমেদ (৩২), মুহিদুল সাকিদার (৬৪), সায়েদুজ্জামান সাকিদার (৬২), সহিদ ইসলাম সাকিদার (৩১), মন্তেজার রহমান সাকিদার (৫৫), মুহিদুল ইসলাম সাকিদারের স্ত্রী দিলেরা বেগম (৪০), তাহেরুল ইসলাম প্রামাণিক (৫০) এবং মুন প্রামাণিক (২৮)।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। গুরুতর আহতাবস্থায় লিটন সাকিদারকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ২টার দিকে চিকিৎসাধীন মারা যান তিনি।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
ওসি বলেন, ‘সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে।’