হোম > সারা দেশ > বগুড়া

স্বজনের মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স উল্টে নারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে স্বজনের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স উল্টে খাদিজা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তাঁর ছেলে, পুত্রবধূ ও তিন বছরের নাতি আহত হয়েছেন। আজ সোমবার ভোরে রানীরহাট-মালঞ্চা আঞ্চলিক সড়কের মাথইলচাপড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা বেগম বগুড়া সদর উপজেলার বানদিঘী-ইসবপুর গ্রামের মৃত নুরুজ্জামান মণ্ডলের স্ত্রী। আহতরা হলেন তাঁর ছেলে শাহ পরান (২৮), পুত্রবধূ জুঁই আক্তার (২২) ও নাতি সাব্বির (৩)।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, খাদিজা বেগমের মেয়ে জান্নাতির শাশুড়ি কোহিনূর বেগম (৭০) বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সোমবার ভোরে কোহিনূর বেগমের মরদেহ নিয়ে ভাড়া করা একটি অ্যাম্বুলেন্সে নন্দীগ্রাম উপজেলার বনগ্রামে তাঁর বাড়ির উদ্দেশে রওনা হন পরিবারের সদস্যরা। অ্যাম্বুলেন্সে কোহিনূর বেগমের মরদেহের সঙ্গে খাদিজা বেগম, শাহ পরান, জুই আক্তার, সাব্বিরসহ পরিবারের কয়েকজন সদস্য ছিলেন।

নিহতের ছেলে শাহ পরান জানান, মাথইলচাপড় এলাকায় পৌঁছালে অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারান। অ্যাম্বুলেন্সটি সড়কের পাশের একটি সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে খাদিজা বেগম ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক পালিয়ে যান।

ওসি আশিক ইকবাল জানান, অ্যাম্বুলেন্সে থাকা কোহিনূর বেগমের মরদেহ এবং দুর্ঘটনায় নিহত খাদিজা বেগমের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।