বগুড়ার সোনাতলায় পুলিশকে মারধর করে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। এ মামলায় ঘটনাস্থল থেকে আটক চার নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাস বাদী হয়ে মামলাটি করেন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার চার নারীকে আগামীকাল শনিবার আদালতে হাজির করা হবে।
মামলায় ছিনিয়ে নেওয়া আসামি গোলাম কবির সুমন, তাঁর বাবা আব্দুস সালাম মাস্টার, মা আমেনা বেগমসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার চার নারী হলেন মাহমুদা বেগম মিজু (২৮), আমেনা বেগম (৬০), বিজলী বেগম (৩৫) ও মিতা খাতুন (২২)। ঘটনার সময় তাঁদের আটক করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে সোনাতলা থানা-পুলিশের একটি দল মধুপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গোলাম কবির সুমনকে গ্রেপ্তার করে। এ সময় স্থানীয় লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর করেন এবং সুমনকে ছিনিয়ে নেন। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানও ভাঙচুর করেন।
এ ঘটনায় সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাস, এসআই শাহীন আলম, এএসআই মেহেদী হাসান, গাড়িচালক কনস্টেবল উত্তম চন্দ্র বর্মণ ও গ্রাম পুলিশ প্রধান গণেশ রবিদাস আহত হন। তাঁদের সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।