হোম > সারা দেশ > ভোলা

মেঘনায় ধরা পড়ল মৌসুমের বড় ইলিশ, নিলামে দাম উঠল প্রায় ১৩ হাজার

ভোলা প্রতিনিধি

মেঘনা নদীতে ধরা পড়ল আড়াই কেজির ইলিশ। ছবি: আজকের পত্রিকা

ভোলার মেঘনা নদীতে জেলে মিরাজ মাঝির জালে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ ধরা পড়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলার তালতলি মাছঘাটে নিলামে মাছটি বিক্রি হয়েছে ১২ হাজার ৯০০ টাকায়। চলতি মৌসুমের সবচেয়ে বড় এই মাছটি কিনেছেন আড়তদার লোকমান ব্যাপারী। তিনি ইলিশটি ঢাকার আড়তে বিক্রি করবেন বলে জানিয়েছেন।

জেলে মিরাজ মাঝি জানান, গত বুধবার দুপুরে ইলিশটি সাগরের মোহনায় তাঁর জালে ধরা পড়ে। এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। মাছঘাটে নিয়ে নিলামে তুললে মাছটি দেখতে ভিড় জমান উৎসুক জনতা। পরে নিলামে ১২ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়।

ক্রেতা লোকমান ব্যাপারী জানান, নিলাম থেকে মাছটি তিনি ১২ হাজার ৯০০ টাকায় কিনেছেন। ইলিশটি আরও বেশি টাকায় বিক্রির জন্য আজই ঢাকা পাঠানো হবে বলেও জানান তিনি।

নিলামে অংশ নেওয়া জসিম হাজরী বলেন, ‘তালতলি ঘাটে এ বছরের সবচেয়ে বড় ইলিশ এটি। ঘাটের সব আড়তদার মাছটি কেনার জন্য নিলামে অংশ নেন। পরে লোকমান ব্যাপারী মাছটি কিনে নেন।’

মাছঘাটের আড়তদার নাগর হাজারি বলেন, ‘মাঝে মাঝে এই ঘাটে বড় আকারের ইলিশ আসে। আজকের ইলিশটি এ মৌসুমের সবচেয়ে বড়।’

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ভরা মৌসুমের শেষ দিকে নদীতে ও সাগরে কম পরিমাণ ইলিশ ধরা পড়ছে। সামনেই মাছের ডিম দেওয়ার মৌসুম আসছে। ফলে বড় আকারের ইলিশ নদীতে আসছে। সে জন্যই জেলের জালে এসব মাছ ধরা পড়ছে।