ভোলার দৌলতখানে ছাত্রদল নেতাসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও হাওলাদার বাড়ির সামছুদ্দিনের ছেলে মো. শাকিল হাওলাদার (২৪), একই উপজেলার মধ্য জয়নগর এলাকার আজাহার আলী শিকদার বাড়ীর মাওলানা মহিউদ্দিনের ছেলে জাবের (২৪) ও নুর উদ্দিনের ছেলে জোনায়েদ (২৮), কলাকোপা গ্রামের ছিদ্দিকের ছেলে সাব্বির (১৯) ও মৃত ফারুক মাঝির ছেলে রাসেল (২৫)। শাকিল হাওলাদারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ছাত্রদল নেতা শাকিল হাওলাদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা শাকিল হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ছাত্রদলের আহ্বায়ক হওয়ার পর থেকে এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছিলেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফকরুল ইসলাম বলেন, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। আজ বিকেলে তাঁদের ভোলার আদালতে পাঠানো হয়েছে।