বরিশাল বিএম কলেজে সেশন চার্জের নামে অকার্যকর নানা খাতে ফি আদায়ের প্রতিবাদে আজ মঙ্গলবারও বিক্ষোভ-মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ১০ দফা দাবি ঘোষণা করেন। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা।
দাবিগুলো হচ্ছে—সেশন ফির আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা, এক বছরের কর্মপরিকল্পনা ঘোষণা ও বাজেট প্রকাশ, কলেজের বিভিন্ন কমিটিতে থাকা শিক্ষকদের নাম প্রকাশ করা, কেন্দ্রীয় লাইব্রেরি সংস্কার, চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, ক্যাফেটেরিয়া চালু করা, অডিটরিয়াম উন্মুক্ত করে দেওয়া, আন্তবিভাগ ও বহির্বিভাগে খেলাধুলা নিশ্চিত করা এবং ম্যাগাজিন প্রকাশ করা।
আন্দোলনকারী তৃতীয় বর্ষের ছাত্র আবির সিকদার জানান, কর্তৃপক্ষকে সেশন চার্জের সব খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। নতুবা তাঁরা কঠোর কর্মসূচি দেবেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা পরে কলেজ প্রাঙ্গণ থেকে সামনের সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন।
এ ব্যাপারে বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এ টি এম রাশেদুল ইসলাম বলেন, গত তিন দিন ধরে কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা পৃথকভাবে দাবি জানিয়েছেন। আজও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা স্মারকলিপি দেন। পরে অধ্যক্ষ স্মারকলিপির প্রতিটি বিষয় ধরে ব্যাখ্যা দিয়েছেন। যেগুলো বাস্তবায়ন হয়নি, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা আশ্বস্ত হয়ে ফিরে গেছেন। বর্তমানে ক্যাম্পাস শান্ত আছে।
প্রসঙ্গত, গত রোববার ‘কার্যক্রম নেই, তবু ফির বোঝা’ শীর্ষক একটি সংবাদ আজকের পত্রিকায় প্রকাশিত হলে ছাত্র-শিক্ষকেরা কলেজের অনিয়ম ও দুর্নীতি এবং তাঁদের অধিকারের বিষয়ে সোচ্চার হয়ে ওঠেন।