হোম > সারা দেশ > বরগুনা

ঝুঁকিপূর্ণ সেতুতে ভোগান্তি ৫০ হাজার মানুষের, গার্ডার সেতুর দাবি

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে আমড়াগাছিয়া নদীর ওপর গার্ডার সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন কয়েক হাজার মানুষ। ছবি: আজকের পত্রিকা

বরগুনার আমতলীতে আমড়াগাছিয়া নদীর ওপর গার্ডার সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন কয়েক হাজার মানুষ। খেকুয়ারী বাজারসংলগ্ন লোহার সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও যান চলাচলের অনুপযোগী থাকায় ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খেকুয়ারী বাজারসংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পায়রা নদীর শাখা আমড়াগাছিয়া নদীটি আমতলী উপজেলার গুলিশাখালী, কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়ন ঘিরে প্রবাহিত হয়েছে। এ নদীর ওপর নির্ভরশীল তিন ইউনিয়নের অন্তত এক লাখ মানুষ। একসময় নদী পারাপারে ১০টির বেশি খেয়া নৌকা চলাচল করত।

২০০১ সালে খেকুয়ারী বাজারসংলগ্ন এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি লোহার সেতু নির্মাণ করে। তবে ২০১০ সালেই সেতুটির বিম বাঁকা হয়ে দেবে যায়। ঝুঁকি নিয়ে দীর্ঘদিন চলাচলের পর ২০২০ সালে সেতুটিকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় এলজিইডি।

এরপর থেকে গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের মানুষের যোগাযোগ ও কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি বেড়েছে। বিশেষ করে গুলিশাখালী ইউনিয়নে প্রতিবছর প্রায় ৫০ কোটি টাকার তরমুজ উৎপাদিত হলেও সেতু দিয়ে পণ্যবোঝাই যানবাহন চলাচল করতে না পারায় পাইকারি ক্রেতারা আসতে চান না। এতে তরমুজচাষিরা লোকসানের মুখে পড়ছেন। পাশাপাশি খেকুয়ারী বাজারের ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে।

মানববন্ধনে আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তোফাজ্জেল হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন মো. দেলোয়ার মুন্সি, প্রভাষক ফারুক হোসেন, মোশাররফ হোসেন মোল্লা, কবির পঞ্চায়েত, মোমেন আকন, মোস্তফা ঘরামী ও ইউপি সদস্য ছত্তার মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা।

বক্তারা বলেন, ২০০১ সালে মানুষের দুর্ভোগ কমাতে সেতুটি নির্মাণ করা হলেও নির্মাণকাজে অনিয়মের কারণে অল্প সময়ের মধ্যেই এটি অকেজো হয়ে পড়ে। পাঁচ বছরের বেশি সময় ধরে সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ ব্যাহত হচ্ছে। দ্রুত পুরোনো সেতুর স্থানে গার্ডার সেতু নির্মাণের দাবি জানান তাঁরা।

এ বিষয়ে আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া বলেন, খেকুয়ারী বাজারের লোহার সেতুর জায়গায় দ্রুত গার্ডার সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। এর নকশা তৈরির কাজ চলছে।

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাতেই ঘাট ছাড়ল পাথরঘাটার শত শত ট্রলার

নিষেধাজ্ঞা শেষ, ইলিশ ধরতে সাগরে যাওয়ার প্রস্তুতি বরগুনার জেলেদের

২২ দিনের অপেক্ষা শেষে সাগরে যাওয়ার আগেই প্রাণ গেল জেলের

পাথরঘাটায় অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আটক ১৯

বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১

আমতলীতে মাদ্রাসার দোকান দখলের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২১

বরগুনার আমতলী: জেলেদের ৬ টন চাল আত্মসাৎ

বিএনপি নেতাদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে কলেজছাত্রকে নির্যাতন

বরগুনার আমতলী: নদী রক্ষার ব্লকে লবণাক্ত বালু