হোম > সারা দেশ > বরগুনা

আমতলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, চাচাতো ভাই আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

প্রতীকী ছবি

বরগুনার আমতলী উপজেলায় দুই চাচাতো ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে জহিরুল সিকদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ছুরিকাঘাতের অভিযোগে মুনসুর সিকদার (৪৫) নামে নিহতের এক চাচাতো ভাইকে আটক করেছে।

নিহত জহিরুল উত্তর তক্তাবুনিয়া গ্রামের বাসিন্দা। অভিযুক্ত মুনসুরও একই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, উত্তর তক্তাবুনিয়া গ্রামের চাচাতো ভাই ফরিদ সিকদারের সঙ্গে মুনসুরের ১০ শতাংশ জমি নিয়ে বিরোধ রয়েছে। আজ বেলা ১১টার দিকে ফরিদ ওই জমি চাষাবাদ করতে যান। খবর পেয়ে মুনসুর একটি ছুরি নিয়ে তাঁকে ধাওয়া করেন। এ সময় ফরিদের পায়ে ছুরি মারেন মুনসুর। ফরিদের চিৎকারে তাঁদের আরেক চাচাতো ভাই জহিরুল ঘটনাস্থলে ছুটে যান। তিনি দুই চাচাতো ভাইয়ের ঝগড়া থামানোর চেষ্টা করেন। কিন্তু উত্তেজিত মুনসুর তাঁকে পেটে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জহিরুলকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, জহিরুল সিকদার হাসপাতালে আনার আগেই মারা যান। তাঁর পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুম বলেন, ঘাতক মুনসুর সিকদারকে আটক এবং ছুরিটি জব্দ করা হয়েছে।

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেন করার দাবিতে দুই দিন ধরে গণ-অনশন

আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

বরগুনার আমতলী: জ্বালানিসংকট দেখিয়ে বন্ধ কৃষি রেডিও

বরগুনায় ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, ৩২ ঘণ্টায় ৭২ জন হাসপাতালে ভর্তি

অসচেতনতায় ডেঙ্গুর পর হামেও শীর্ষে বরগুনা

আমতলীতে বাসচাপায় এক ব্যক্তি নিহত

পাথরঘাটায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আহত অন্তত ২৫, ভ্যাকসিন সংকটে ভোগান্তি

টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্র: ১৩ বছরে বাঁচেনি একটি ছানাও

বরগুনায় স্কুল ফিডিং প্রকল্পে কাঁচা কলা–পচা ডিম

জ্বালানি তেলের দাবিতে বরগুনায় জেলেদের মানববন্ধন