হোম > সারা দেশ > বাগেরহাট

ক্যাথলিক চার্চে ভাঙচুরের ঘটনায় যুবক গ্রেপ্তার, পুকুরে মিলল মূর্তি

বাগেরহাট প্রতিনিধি

উদ্ধার করা মা মারিয়ার মূর্তি ও গ্রেপ্তার আসামি। ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর ও মূর্তি চুরির ঘটনায় মো. ফায়জুল শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চার্চের পাশের পুকুর থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।

গ্রেপ্তার ফায়জুল শেখ (৩৫) উপজেলার বারাশিয়া গ্রামের সোহরাব শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে আগের একটি মাদক মামলাও রয়েছে।

পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, গতকাল বুধবার সকালে গ্রেপ্তার ফায়জুল শেখ চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের বারান্দায় থাকা কাঁচের বক্স ভাঙচুর করেন। পরে ওই বক্সের ভেতরে থাকা মা মারিয়ার মূর্তিটি নিয়ে পাশের পুকুরে ফেলে দেন।

এ ঘটনায় সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চের সভাপতি পিটার শঙ্কর ব্রহ্ম বাদী হয়ে থানায় মামলা করেন। পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযান চালিয়ে ফায়জুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চার্চের পশ্চিম পাশের পুকুর থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়।

উদ্ধার করা মা মারিয়ার মূর্তিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেপ্তার ফায়জুলকে রাতেই আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।