হোম > সারা দেশ > ঢাকা

ব্র্যাকের কর্মসূচি থেকে পাওয়া তথ্য: মাতৃত্ব ও পারিবারিক দায়িত্বে চাকরি ছাড়েন ৭৫% নারী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

নারী কর্মজীবীদের মধ্যে অধিকাংশ চাকরি ছাড়ছেন পারিবারিক দায়িত্ব ও মাতৃত্বের কারণে। কর্মজীবী নারীদের ৭৫ শতাংশই এই দুটি কারণে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে চাকরি থেকে বিরতি নিচ্ছেন বা পেশাগত জীবনে ইতি টানছেন। এ ছাড়া বিরূপ কর্মপরিবেশ, সামাজিক চাপ এবং উচ্চশিক্ষার কারণেও অনেকে চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন।

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। কর্মক্ষেত্র থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরাতে ব্র্যাকের ‘ব্রিজ রিটার্নশিপ’ কর্মসূচি সম্পর্কে জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় জানানো হয়, ‘ব্রিজ রিটার্নশিপ’ কর্মসূচির আবেদন প্রক্রিয়ার মাধ্যমে নারীদের কর্মজীবন থেকে বিরতি নেওয়া এবং আবার কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলোকে চিহ্নিত করা হয়েছে। এ বছর এই কর্মসূচিতে ১ হাজার ২০০ আবেদনকারী করেছিলেন। তাঁদের মধ্যে ৩৮ দশমিক ৮ শতাংশ পারিবারিক দায়িত্ব ও ৩৬ শতাংশ মাতৃত্বের সময়কে চাকরি ছাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। ব্যক্তিগত কারণে চাকরি ছাড়ার কথা জানিয়েছেন ১৮ দশমিক ৮ শতাংশ নারী। এ ছাড়া ১৪ দশমিক ৪ শতাংশ নারী উচ্চশিক্ষা, সাড়ে ৮ শতাংশ নারী বিরূপ কর্মপরিবেশ ও ৪ দশমিক ৭ শতাংশ নারী সামাজিক চাপকে চাকরি ছাড়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া নারীরা বলেছেন, বিরতির পর কাজে ফেরার ক্ষেত্রে তাঁদের মূল অনুপ্রেরণা ছিল ক্যারিয়ারে (কর্মজীবনে) উন্নতি করা। সাড়ে ৭৬ শতাংশ নারীই জানান, তাঁরা ক্যারিয়ারে উন্নতি করতে কাজে ফিরতে চান। আর্থিক স্বাধীনতার জন্য কাজে ফিরতে চান সাড়ে ৫৬ শতাংশ, নিজস্ব পরিচয় তৈরির জন্য ৬২ দশমিক ২ শতাংশ, আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য ৫৭ দশমিক ৭ শতাংশ এবং পরিবারের জন্য অবদান রাখতে ৪২ দশমিক ৭ শতাংশ নারী কাজে ফিরতে চান।

ব্র্যাকের চিফ পিপল অ্যান্ড কালচার অফিসার মৌটুসী কবীর জানান, কর্মক্ষেত্র থেকে বিরতি নেওয়া নারীদের কাজে ফেরাতে ব্র্যাকের ব্রিজ রিটার্নশিপ কর্মসূচিটি গত বছর থেকে শুরু হয়। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে আগামী ছয় মাস কাজ করার সুযোগ দিতে এ বছরের আবেদনকারীর মধ্য থেকে ২৪ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন কর্মশালা, মেন্টরিংসহ পেশাগত উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে। এর পাশাপাশি বিভিন্ন এনজিও ও শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের যোগাযোগ স্থাপনে সহায়তা করা হবে।

ব্রিজ রিটার্নশিপে এবারের আবেদনকারীদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি (৬৭ দশমিক ৯ শতাংশ) আবেদনকারীর কর্মে বিরতি ছিল ১ থেকে ২ বছরের। কর্মক্ষেত্র থেকে ৬ বছরের বেশি বিরতি ছিল ৬ দশমিক ৬ শতাংশ নারীর।

খুলনায় প্রকাশ্যে খুন: মাসুম হত্যা মিশনে অংশ নেয় ‘বি কোম্পানির’ ৮ কিলার

রাজশাহী শিক্ষা বোর্ড: বোর্ড সভার অনুমোদনেও নিয়মিত হয়নি চাকরি

রেলের জমি দখল করে গরু-ছাগলের খামার

‘প্রাণের ভয়ে ছিলাম, নতুন জীবন পাইছি’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

দুই শিক্ষক ও এক কর্মকর্তার প্ররোচনায় ইবি শিক্ষিকাকে হত্যা

পাগলা মসজিদের নিলাম ডাকার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

যশোরে উদীচী ট্র্যাজেডি: ২৭ বছরেও বিচার পাননি নিহতের স্বজনেরা

নীলফামারীতে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৪ যানবাহনকে জরিমানা

বাগেরহাটে স্বর্ণ ব্যবসায়ীকে অফিসে ডেকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে