ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে ভোটাররা দুই আসনে ভিন্ন রায় দিয়েছেন। এক আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলেও অন্য আসনে ধানের শীষ প্রতীক জয় ছিনিয়ে নিয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, জয়পুরহাট–১ আসনের ১৫১টি কেন্দ্রের সবগুলোর ফল গণনা শেষে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুর রহমান সাঈদ পেয়েছেন ১,৬৩, ৮৭৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. মাসুদ রানা প্রধান পেয়েছেন ১,৫৪, ৮৩৫ ভোট। ব্যবধান দাঁড়িয়েছে ৯,০৪১ ভোট।
অন্যদিকে জয়পুরহাট–২ আসনের ১০৪টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থী মো. আব্দুল বারী পেয়েছেন ১,৫৭, ১২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর এস. এম. রাশেদুল আলম সবুজ পেয়েছেন ৯১,১০৩ ভোট। এ আসনে জয়ী প্রার্থীর ব্যবধান ৬৬,০২৪ ভোট—যা জেলার দুই আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধান।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জয়পুরহাটে এবারের নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে সরাসরি প্রতিযোগিতা হয়েছে এবং ভোটাররা আসনভিত্তিক আলাদা সিদ্ধান্ত দিয়েছেন।