হোম > সারা দেশ > ঢাকা

ইউএস-বাংলার ফ্লাইটে দেশে

‘প্রাণের ভয়ে ছিলাম, নতুন জীবন পাইছি’

নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)  

‘আমার বাসার পাশেই একটি মিসাইল মারছে। প্রতি মুহূর্তে আতঙ্কে ছিলাম, প্রাণের ভয়ে ছিলাম। এখন নতুন জীবন পাইছি। নতুন এই জীবন দিছে ইউএস-বাংলা।’ কথাগুলো বললেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী ওমর ফারুক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দুবাইয়ে উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় থাকা এই প্রবাসী গতকাল বৃহস্পতিবার সকালে দেশে ফিরতে পেরে বেসরকারি উড়োজাহাজ পরিবহন সংস্থা ইউএস-বাংলার প্রতি কৃতজ্ঞতা জানান।

ওমর ফারুকের মতো গতকাল ৩৭৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন ইউএস-বাংলার ফ্লাইটে। যুদ্ধের কারণে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় তাঁরা দেশে ফিরতে পারছিলেন না। তাঁদের নিয়ে উৎকণ্ঠায় ছিলেন দেশে থাকা পরিবার ও স্বজনেরা।

ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটটি সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রিয়জনকে কাছে পেয়ে স্বজনদের অনেকে আনন্দে কেঁদে ফেলেন।

ফেনীর বাসিন্দা ওমর ফারুক দুবাইয়ের দেড়াদুবায় থাকেন পাঁচ বছর। সেখানে তাঁর একটি সুপারমার্কেট রয়েছে। এবার এলেন আট মাস পর। তিনি আজকের পত্রিকাকে বলেন, দুবাই কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র প্রতিরোধের চেষ্টা করছে। তিনি দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে যাঁরা দেশে ফিরতে চান, তাঁদের ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান।

ওমর ফারুক বলেন, ‘ঝুঁকি নিয়ে ফ্লাইট দেওয়ায় ইউএস-বাংলাকে অসংখ্য ধন্যবাদ।’ তিনি বলেন, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ দুবাইয়ে অবস্থান করছে। বিমানের ক্রুও তাঁদের সঙ্গে এসেছেন।

কী পরিমাণ বাংলাদেশি সেখানে আছেন, জানতে চাইলে ওমর ফারুক বলেন, দুবাইয়ে যদি ২০ লাখ বাংলাদেশি থাকেন, তবে দেড়াদুবায় থাকেন তাঁদের মধ্যে অন্তত পাঁচ লাখ।

দুবাইয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চাঁদপুরের ফারহান তাহসিফও একই ফ্লাইটে দেশে ফিরেছেন। তিনি বলেন, ফেরা নিয়ে খুব চিন্তিত ছিলেন। দেশে তাঁর মা-বাবাও চিন্তিত ছিলেন।

দুবাইয়ে প্রিন্টের শ্রমিক ব্রাহ্মণবাড়িয়ার মো. আরিফও আতঙ্কে দিন কাটানোর কথা জানালেন। দেড়াদুবায়ের একটি হোটেলের কর্মচারী নোয়াখালীর নোমান সিদ্দিক বলেন, ১ মার্চ তাঁর ফ্লাইট ছিল। কিন্তু ২৮ ফেব্রুয়ারি থেকেই দুবাই বিমানবন্দর বন্ধ ছিল। অবশেষে ইউএস-বাংলার সাহসী ভূমিকার কারণে দেশে ফিরতে পারলেন।

দুবাইপ্রবাসী ব্যবসায়ী তাসফিকুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী ও ফেনীর মো. শরীফ, ব্যবসায়ী নুর করিম উদ্বেগ, আতঙ্কে দিন কাটানোর কথা জানালেন। দেশে ফিরতে পেরে তাঁদের মতো স্বস্তি পাওয়ার কথা জানালেন দুবাইয়ে গাড়িচালক জালাল উদ্দিন। ১২ এপ্রিল ফ্লাইট থাকলেও পরিস্থিতি বিবেচনায় গতকালই দেশে ফিরেছেন আল কুজের প্রবাসী ব্যবসায়ী আজহার আলী।

৭০ বছর বয়সী আজিমুন নাহার বিমানবন্দরে এসেছিলেন ৫০ বছর বয়সী ছেলে আকরামকে নিতে। বিমানবন্দরে ছেলেকে দেখে দ্রুত গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরেন। আজিমুন নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘আল্লাহ আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিয়েছেন। আমার আর কিছুই চাই না।’

প্রবাসী বাবাকে বিমানবন্দর থেকে নিতে ভাই, বোন, দুলাভাইয়ের সঙ্গে এসেছিল কুষ্টিয়ার ধনুয়ার দ্বিতীয় শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার। ফুল হাতে দাঁড়িয়ে ছিল সে। বলল, তার বাবা আটকা পড়েছিলেন। এখন আসছে, তাই আনন্দ লাগছে।

ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ একটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে, আরেকটি করা হবে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। তাই যেসব বাংলাদেশি যাত্রীদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা শিগগির শেষ হতে যাচ্ছে, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে।

রাজশাহী শিক্ষা বোর্ড: বোর্ড সভার অনুমোদনেও নিয়মিত হয়নি চাকরি

রেলের জমি দখল করে গরু-ছাগলের খামার

ব্র্যাকের কর্মসূচি থেকে পাওয়া তথ্য: মাতৃত্ব ও পারিবারিক দায়িত্বে চাকরি ছাড়েন ৭৫% নারী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

দুই শিক্ষক ও এক কর্মকর্তার প্ররোচনায় ইবি শিক্ষিকাকে হত্যা

পাগলা মসজিদের নিলাম ডাকার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

যশোরে উদীচী ট্র্যাজেডি: ২৭ বছরেও বিচার পাননি নিহতের স্বজনেরা

নীলফামারীতে হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৪ যানবাহনকে জরিমানা

বাগেরহাটে স্বর্ণ ব্যবসায়ীকে অফিসে ডেকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বাগেরহাটের পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ‘গায়েব’