হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পৃথক স্থানে দুই শিক্ষার্থীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারী, যাত্রাবাড়ী ও হাজারীবাগ এলাকা থেকে দুই শিক্ষার্থীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এসব ঘটনা আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ ও তাঁদের স্বজনেরা। ময়নাতদন্তের জন্য তিনটি মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এঁরা হলেন যাত্রাবাড়ীর স্কুলশিক্ষার্থী মো. রনি (১০), হাজারীবাগের তেজগাঁও কলেজের শিক্ষার্থী দীন ইসলাম ইমন (২১) ও ওয়ারীর চা-দোকানের কর্মচারী মানিক (২৬)।

যাত্রাবাড়ীতে বাসায় বাথরুমের ভেতর গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় স্কুলছাত্র মো. রনিকে। রনি দোলাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

রনির বাবা নুর আলম জানান, তাঁদের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল থানার শিবপুর এলাকায়। যাত্রাবাড়ীর পুবাইল এলাকায় নান্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তাঁরা।

নুর আলম আরও বলেন, পড়াশোনায় ফাঁকি দেওয়ায় রনিকে তার মা বকাঝকা করে। গতকাল শনিবার রাত ১০টার দিকে বাথরুমে ঢোকে রনি। অনেক সময় পেরিয়ে গেলেও বের না হওয়ায় দরজা খুলে দেখা যায়, বাথরুমের ভেতর গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে রনি। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক রাত ১২টার দিকে রনিকে মৃত ঘোষণা করেন।

রনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানা-পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে শিক্ষার্থী ইমনের বন্ধু মেহেদী হাসান তোহা জানান, দীন ইসলাম ইমন তেজগাঁও কলেজে সমাজবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। জিগাতলা নতুন রাস্তা এলাকায় পাঁচতলা ভবনের নিচতলায় একটি মেসে রুম ভাড়া নিয়ে থাকতেন তিনি। ইমনের সঙ্গে নাঈম নামে এক যুবকও থাকতেন।

তোহা আরও বলেন, ‘ইমন কী কারণে আত্মহত্যা করেছেন, তা আমার জানা নেই। তবে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ইমনের। প্রেমঘটিত কারণে এই ঘটনা ঘটতে পারে বলে মনে হচ্ছে।’

ইমনের মামা মো. মঞ্জু বলেন, তাঁদের বাড়ি বরগুনার সদর উপজেলার বটতলা এলাকায়। ইমনের বাবা আব্দুল হাকিম গ্রামে থাকেন। তিন ভাই ও এক বোনের মধ্যে ইমন ছিল দ্বিতীয়।

তিনি আরও বলেন, ‘ছুটিতে ইমন বাড়ি গিয়েছিল। তিন দিন আগে ঢাকায় আসে। গত রাতে (শনিবার) পুলিশের মাধ্যমে ইমনের মৃত্যুর খবর জানতে পারি। তাদের পরিবারে কোনো সমস্যা ছিল না। তবে ইমনের আত্মহত্যা কারণ আমাদের জানা নেই।’

ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ বলেন, ‘গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ৯৯৯-এ কলের মাধ্যমে খবর পেয়ে জিগাতলার ওই মেসে যাই। ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজা ভেঙে রুমের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় বিছানার চাদর দিয়ে ইমনের ঝুলন্ত মরদেহ দেখা যায়। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেসের একটি রুমে ইমন ও নাঈম থাকতেন। রাতে নাঈম অফিস থেকে ফিরে রুমের দরজা ভেতর থেকে বন্ধ পান। ডাকাডাকির পর ইমন দরজা না খোলায় ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।’

এসআই আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ইমন হতাশাগ্রস্ত ছিলেন।

এদিকে ওয়ারীর চা-দোকানের কর্মচারী মানিক পারিবারিক মনোমালিন্যের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর মোড়ল বলেন, খবর পেয়ে গতকাল সন্ধ্যার দিকে ওয়ারীর ওই বাসায় যায় পুলিশ। এ সময় ফ্যানের সঙ্গে গলায় মাফলার প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় মানিককে দেখতে পাই। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক মনোমালিন্যের কারণে গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করেছেন মানিক। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

এসআই মো. আলমগীর মোড়ল আরও জানান, মৃত মানিকের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাকশিলা এলাকায়। তাঁর বাবার নাম মৃত ইউনুস সরকার। মানিক ওয়ারীর বিসিসি রোডে একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। সেখানে একটি চায়ের দোকানে কাজ করতেন তিনি।

সাতক্ষীরা নাগরিক ঐক্যের সভাপতিসহ ২১৭ জন বিএনপিতে

১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা কঠিন কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণভোট এক দিন দেশদ্রোহিতা বলে প্রমাণিত হবে: জি এম কাদের

হাদি হত্যা: ফয়সালের সহযোগী রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে সড়কে নিহত ১

মা খুন, হাসপাতালে নিতে গিয়ে ছেলে ধরা

ভোটটা তাকেই দেন, যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবে: আসিফ

পি কে হালদারের সহযোগী নাহিদা রুনাইয়ের ফ্ল্যাট-ভবনসহ জমি ক্রোক

স্বাধীনতাই যারা বিশ্বাস করে না, তারাই এখন ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত: সালাহউদ্দিন

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস চত্বর থেকে আটক দালাল চক্রের ২০ জনের কারাদণ্ড